রংপুর উপনির্বাচন: সিইসির বক্তব্য ও সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া
-
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, গণতন্ত্র বার বার বাধাগ্রস্ত হওয়ার কারণে এদেশের নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের পূর্ণাঙ্গ আস্থা আসেনি।
আজ (সোমবার) সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রংপুর-৩ (সদর) আসনের উপ-নিবার্চনকে সামনে রেখে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি এমন মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, রংপুরের নিবার্চন নিয়ে কেউ বিশৃংখলা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে ।
এ সময় সিইসি বলেন, বিগত সময়ের নির্বাচনের মতোই রংপুর-৩ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনও কেন্দ্রের অভিযোগ এলে সেসব কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। এই নির্বাচন ঘিরে ভোটারদের যেমন আগ্রহ রয়েছে তেমন কমিশনেরও সার্বিক প্রস্তুতি রয়েছে। সবমিলিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হবেন বলেও আশা করা যাচ্ছে।
তবে রংপুর উপনির্বাচন এবার ভোটদের মধ্যে তেমন একটা উৎসাহের সৃষ্টি করতে পারে নি বলে জানান স্থানীয় সাংবাদিক মোহাম্মদ নুরুজ্জামান। তিনি রেডিও তেহরানকে বলেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যাপারেও ভোটারদের মাঝে বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে না। তা ছাড়া, কয়েকদিন ধরে বৃষ্টির কারণে নির্বাচনী প্রচারনায় তেমন একটা জমজমাট ভাব আসছে না ।
এ প্রসঙ্গে নির্বাচনে বিএনপি প্রার্থী রিটা রহমান রেডিও তেহরানকে বলেন, প্রধান নির্বাচন কমিশনার এর আগে সুষ্ঠ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও দেখা গেছে গত ডিসেম্বরের নির্বাচনে জনগণ ভোট দিতে পারেন নি। এবার প্রশাসন উপলব্ধি করতে পেরেছে যে নির্বাচনের প্রতি জনগণের আস্থা নেই। রিটা রহমান জানান যে নির্বাচনী প্রচারাভিযানে গণসংযোগে ভোটাররা একটাই কথা বলছেন, যে তারা ভোট দিলেও ফলাফল প্রশাসনের ইচ্ছে মতো সাজিয়ে নেয়া হবে।
উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর অনুষ্ঠেয় ভোটে সবকটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। সবকটি কেন্দ্রে ইভিএমে ভোট অনুষ্ঠিত করার জন্য প্রশিক্ষণও শেষ হয়েছে।
দীর্ঘ দিন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের দখলে থাকা এ আসনটিতে তার মৃত্যুর কারণে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে জাতীয় পার্টির পক্ষে সমর্থনজানিয়ে নির্বাচনে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থীকে প্রত্যাহার করে নিয়েছে। তবে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিযোগিতায় মাঠে রয়েছেন এরশাদের ভ্রাতুষ্পুত্র হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। তিনি মনে করেন, মহাজোটের প্রার্থী সাদ এরশাদ নয়, বিএনপির প্রার্থী রিটা রহমানের সঙ্গেই তার প্রতিদ্বন্দ্বিতা হবে।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার /৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।