রংপুর-৩ আসনে উপ-নির্বাচন কাল; প্রস্তুত নির্বাচন কমিশন
https://parstoday.ir/bn/news/bangladesh-i74210-রংপুর_৩_আসনে_উপ_নির্বাচন_কাল_প্রস্তুত_নির্বাচন_কমিশন
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে উপনির্বাচন আগামীকাল (শনিবার)। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নেয়া হয়েছে পাঁচস্তরের নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। তবে, ভোট নিয়ে খুব বেশি আগ্রহ নেই সাধারণ মানুষের। ইভিএমে মক ভোটিং হলেও তাতে সাড়া পায়নি নির্বাচন কমিশন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৪, ২০১৯ ১৫:৫৩ Asia/Dhaka
  • রংপুর-৩ আসনে উপ-নির্বাচন কাল; প্রস্তুত নির্বাচন কমিশন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে উপনির্বাচন আগামীকাল (শনিবার)। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নেয়া হয়েছে পাঁচস্তরের নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। তবে, ভোট নিয়ে খুব বেশি আগ্রহ নেই সাধারণ মানুষের। ইভিএমে মক ভোটিং হলেও তাতে সাড়া পায়নি নির্বাচন কমিশন।

উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ছয়জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন দু’জন। লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি ও মহাজোটের প্রার্থী এইচ এম এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ (সাদ এরশাদ) এবং ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী, খ্যাতনামা রাজনীতিবিদ মশিয়ুর রহমান যাদু মিয়ার কন্যা সাংবাদিক রিটা রহমান। আলোচনায় আছেন মোটরগাড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্রপ্রার্থী এরশাদের ভাতিজা শাহরিয়ার আসিফ।

জমে উঠেছে রংপুরে উপ-নির্বাচনের প্রচারণা

এরশাদের আসন হিসেবে পরিচিত রংপুর-৩ আসনে বরাবরের মতোই জয়ী হওয়ার আশা করছেন সাদ এরশাদ সমর্থকরা। তারা বলছেন, প্রার্থী নতুন হলেও তিনি এরশাদের ছেলে। সাদ এরশাদ যখন মাঠ চষে বেড়িয়েছেন তখন তারপক্ষে জোয়ার দেখা গেছে। বিপুল ভোটের ব্যবধানে জয়ের আশা করছেন তারা। তবে প্রার্থী জটিলতায় জাতীয় পার্টির একটি পক্ষকে নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে। যা নির্বাচনের ফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

জয়ের আশা করছেন বিএনপি প্রার্থী রিটা রহমানও। তিনি বলেন, মানুষ ধানের শীষে ভোট দিতে চায়, কিন্তু অতীত অভিজ্ঞতার কারণে তারা ভরসা পাচ্ছে না। ভোট দেয়ার পর, তা জায়গা মতো যাবে কিনা তা নিয়ে মানুষ সংশয়ে আছে। মানুষ যদি ভোট দিতে পারে, তাদের মতামত যথাযথ প্রতিফলিত হয়, তাহলে বিএনপির বিজয় নিশ্চিত।

জমে উঠেছে রংপুরে উপ-নির্বাচনের প্রচারণা

এদিকে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিতে ১৭৫টি কেন্দ্রের আশপাশে ভোটের দিন এবং ভোটের আগে ও পরের দিনের জন্য নেয়া হয়েছে পাঁচস্তরের নিরাপত্তাব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর চার থেকে পাঁচজন পোশাক পরিহিত অস্ত্রধারী সদস্য থাকবেন। এছাড়া ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চারজন বিচারিক ম্যাজিস্ট্রেটসহ শতাধিক স্ট্রাইকিং ও মোবাইল টিম কাজ করবে। ১৮ প্লাটুন বিজিবি সদস্যও মোতায়েন থাকবেন নির্বাচনে।

উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য ১৭৫ জন প্রিজাইডিং অফিসার, ১০২৩ সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২০৪৬ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ৪৯টি ঝুঁকিপূর্ণসহ ১৭৫টি ভোটকেন্দ্রের ১০২৩টি গোপনকক্ষে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন এবং রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই সংসদীয় আসনে ভোটার সংখ্যা চার লাখ ৪১ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ২০ হাজার ৮২৩ এবং নারী দুই লাখ ২০ হাজার ৪০১ জন।

ভোটারদের মন জয়ে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা মাঠে থাকলেও নির্বাচন নিয়ে খুব আগ্রহ নেই স্থানীয়দের মাঝে। ইভিএমে মক ভোটিংয়ে নিজেদর অনাগ্রহ দেখিয়েছেন ভোটাররা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৭৫টি ভোটকেন্দ্রে মক ভোট হয়। এতে গড়ে তিন শতাংশ ভোট পড়ে। নির্বাচন কর্মকর্তারা এটিকে সমস্যা মনে না করলেও কী ঘটে তা জানতে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘন্টা।#

পার্সটুডে/ শামস মন্ডল/বাবুল আখতার/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।