বাংলাদেশে হিন্দু-মুসলমান সবাই এক: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i74227-বাংলাদেশে_হিন্দু_মুসলমান_সবাই_এক_ওবায়দুল_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেছেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন, আপনাদের কোনো ভয় নেই।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ০৫, ২০১৯ ১৪:৫১ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেছেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন, আপনাদের কোনো ভয় নেই।

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দূর্গাপূজা উপলক্ষে আজ (শনিবার) পুরান রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে হিন্দু-মুসলমান সবাই এক। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন, আপনাদের কোনো ভয় নেই। আপনাদের ভোটের মর্যাদা মুসলমানের চেয়ে কম নয়। আপনারা মাথা উঁচু করে দাঁড়াবেন। মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন।’

এর আগে মন্ত্রী পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এবং স্থানীয়  সংসদ সদস্য হাজী মো. সেলিম উপস্থিত ছিলেন।

এসময় ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেক ভালো। নরেন্দ্র মোদি সরকারের সাহসিকতার কারণে ছিটমহলের মতো সীমান্ত সমস্যার সুরাহা করেছেন। সমুদ্রসীমার বিষয়ে জাতিসংঘের রায়ের বিরুদ্ধে তারা আপিল না করে তারা সুসম্পর্ক বজায় রেখেছে।’

সরকারের সাম্প্রতিক শুদ্ধি অভিযানের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এ অভিযান কোনো গোষ্ঠী বা ব্যক্তির বিরুদ্ধে নয়। এটি দুর্বৃত্তদের বিরুদ্ধে, দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতেই এ অভিযান।’

তিনি আরও বলেন, ‘এ অভিযান দলে অনুপ্রবেশকারী, স্বাধীনতাবিরোধী, অপকর্মকারী, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে। যারা মাইনোরিটি (সংখ্যালঘু) সম্পদ দখল করতে চায়, তাদের বিরুদ্ধে এ অভিযান।’

দলের আসন্ন জাতীয় সম্মেলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, তৃণমূল পর্যায়ের কাউন্সিলে ও সম্মেলনে যাতে কোনোভাবেই বিতর্কিতরা জায়গা না পায়। তার নির্দেশনা অনুযায়ী, সে বিষয়ে আমরা সতর্ক আছি।’

আসাদুজ্জামান খান কামাল

ওদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ রাজধানীর স্বামীবাগে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী আশ্রম ও মন্দিরে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বলেছেন, ‘২০০৯ সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, তখন ২৪ হাজার মণ্ডপে পূজা হতো। এবার প্রায় ৩২ হাজার মণ্ডপে পূজা হচ্ছে। বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, তার কন্যা সেই পথেই চলছেন।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী জিসানকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। আরব আমিরাতের সঙ্গে আমাদের বন্দী বিনিময় চুক্তি নেই। এ বিষয়ে ইন্টারপোল যুক্ত রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।