রংপুর-৩ আসনে সাদ এরশাদ বিজয়ী, ফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর
https://parstoday.ir/bn/news/bangladesh-i74240-রংপুর_৩_আসনে_সাদ_এরশাদ_বিজয়ী_ফল_প্রত্যাখ্যান_বিএনপি_প্রার্থীর
বাংলাদেশের রংপুর-৩ (সদর) উপ-নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগির আল মাহি এরশাদ (সাদ) বেসরকারিভাবে জয়ী হয়েছেন। লাঙ্গল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী, এরশাদের ভাতিজা মকবুল শাহরিয়ার (মটরগাড়ি) ১৪ হাজার ৯৮৪ ভোট পেয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ০৫, ২০১৯ ২০:১৫ Asia/Dhaka
  • রাহগির আল মাহি এরশাদ (সাদা পাঞ্জাবি পরিহিত)
    রাহগির আল মাহি এরশাদ (সাদা পাঞ্জাবি পরিহিত)

বাংলাদেশের রংপুর-৩ (সদর) উপ-নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগির আল মাহি এরশাদ (সাদ) বেসরকারিভাবে জয়ী হয়েছেন। লাঙ্গল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী, এরশাদের ভাতিজা মকবুল শাহরিয়ার (মটরগাড়ি) ১৪ হাজার ৯৮৪ ভোট পেয়েছেন।

আজ (শনিবার) সন্ধ্যায় নির্বাচন কমিশন আয়োজিত ফলাফল কেন্দ্রে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাহাতাব উদ্দীন এ ঘোষণা দেন। ফলাফল অনুযায়ী সাদ এরশাদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। তিনি বলেন, নির্বাচনে ২২.৮৬ শতাংশ ভোট পড়েছে।

এদিকে, ভোটগ্রহণে কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির প্রার্থী রিটা রহমান।

শনিবার রাত সাড়ে ৮টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে রিটা এ কথা জানান।

সংবাদ সম্মেলনে রিটা রহমান

তিনি প্রশ্ন রেখে বলেন, বিকাল ৪টা পর্যন্ত আমরা দেখেছি ৭-৮% ভোট পড়েছে। কিন্তু ফলাফলে- তা ২০% হল কীভাবে? এত ভোট কে দিল? ভোটার উপস্থিতি এত কম হওয়ার পরও কীভাবে এত বেশি ভোট পেল তারা?

তিনি অভিযোগ করে বলেন, গতকাল (শুক্রবার) রাতে আমাদের নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়ে আতঙ্ক তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি।

এর আগে শনিবার সকাল ৯টা থেকে বিকেল পাচঁটা পর্যন্ত নগরীর  ১৭৫টি কেন্দ্রে একযোগে ভোট হয়। এ আসনে মোট ভোটার চার লাখ ৪১ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ২০ হাজার ৮২৩ এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৪১ জন।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মারা যান। এরপর ১৬ জুলাই সংসদ সচিবালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আ.ই.ম গোলাম কিবরিয়া আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করেন।

গত ১ সেপ্টেম্বর দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।