শেখ হাসিনা একজন চেঞ্জ মেকার, কাউন্সিলে নতুন মুখ থাকবে: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i74597-শেখ_হাসিনা_একজন_চেঞ্জ_মেকার_কাউন্সিলে_নতুন_মুখ_থাকবে_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলমান দুর্নীতিবিরোধী অভিযানের যারা লক্ষ্য তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। আজ (শনিবার) সকালে নারায়ণগঞ্জের মেঘনা ঘাট এলাকায় সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১৯, ২০১৯ ১৪:৩০ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলমান দুর্নীতিবিরোধী অভিযানের যারা লক্ষ্য তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। আজ (শনিবার) সকালে নারায়ণগঞ্জের মেঘনা ঘাট এলাকায় সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, বুয়েটের ছাত্র আবরার হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর নির্দেশে সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। আবরার হত্যাকাণ্ডের মতো কোনো এত দ্রুত অ্যাকশন বাংলাদেশে বোধ হয় আর হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা ছাত্রলীগের পরিচয়ের ছিল। কিন্তু প্রধানমন্ত্রী এতে কোনো আপস করেননি।

ওবায়দুল কাদের বলেন, অপরাধী যে দলের লোকই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।

এ সময় ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগের সহযোগী যেসব সংগঠনের মেয়াদ সাত-আট বছর পেরিয়ে গেছে সেসব সংগঠনের সম্মেলন নভেম্বরের মধ্যে শেষ করা  হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একজন চেঞ্জ মেকার। তিনি সব সময়ই সম্মেলনের মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করে থাকেন। আওয়ামী লীগের সম্মেলন নির্ধারিত সময়ে হবে। সেই সম্মেলনে নবীন-প্রবীণের সমন্বয় ঘটবে। সম্মেলনের মাধ্যমে অনেক নতুন মুখের জায়গা হবে।

ওদিকে, সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, বালিশ, পর্দা ও বদনা দুর্নীতির মতো কলঙ্ক আমরা নিতে চাই না। আমরা উন্নয়নের বরাদ্দ দেয়া টাকার যথাযথ ব্যবহার চাই। কারণ, উন্নয়নখাতে বরাদ্দের টাকার মালিক দেশের জনগণ। এসব টাকার হিসাব জনগণকে দিতে হবে।

আজ দুপুরে সিলেটের কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা সচেতন আছি দুর্নীতি বিরোধী সংগ্রাম চালিয়ে যাব।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯