মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা করুন: ইইউ'র প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর
https://parstoday.ir/bn/news/bangladesh-i74897-মিয়ানমারের_ওপর_নিষেধাজ্ঞা_করুন_ইইউ'র_প্রতি_বাংলাদেশের_পররাষ্ট্রমন্ত্রীর
ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ১৫ দিনের বিদেশ সফর শেষে আজ (বৃহস্পতিবার) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ৩১, ২০১৯ ১৩:১৩ Asia/Dhaka
  • ড. এ কে আব্দুল মোমেন
    ড. এ কে আব্দুল মোমেন

ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ১৫ দিনের বিদেশ সফর শেষে আজ (বৃহস্পতিবার) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, মিয়ানমারে গণহত্যা হয়েছে ইইউ নিজেই বলেছে কিন্তু তারা দেশটিতে জিএসপি সুযোগ ছাড়াও বিভিন্ন সুবিধা দিচ্ছে। তাই রোহিঙ্গাদের যতক্ষণ ফেরত নেওয়া হবে না ততক্ষণ নিষেধাজ্ঞা জারি করুক তারা।

এক প্রশ্নের জবাবে পররাষ্টমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনো বলেনি- মিয়ানমারে গণহত্যা হয়েছে। এ কথা বলেছে জাতিসংঘ ও ইইউ। বরং প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশাল এক গণহত্যার হাত থেকে এ অঞ্চলকে বাঁচিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশ মিয়ানমারের হাতে যে তালিকা দিয়েছে তা থেকে একজনকেও ফেরত নেওয়া হয়নি। তারা অসত্য কথা বলে যাচ্ছে।

রোহিঙ্গার নারীর কান্না

এদিকে, রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের ধারাবাহিক ‘মিথ্যা প্রোপাগান্ডা’র বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করার পাশাপাশি এর কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

বাংললাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানিয়েছে,  রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনকে এড়িয়ে যাওয়ার জন্য সমস্যার সমাধানে নজর না দিয়ে মিয়ানমার সরকার অসত্য এবং বানোয়াট প্রচারে ব্যস্ত। বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের এহেন প্রচারণা বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির রাজনৈতিক সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলা হয়। মিয়ানমারের উচিত- তাদের অভ্যন্তরীণ সমস্যা সমাধান করে বাংলাদেশের কথায় সাড়া দিয়ে দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু এবং তা সম্পন্ন করা।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।