নিজেদের কারণেই আওয়ামী লীগের পতন হবে: মওদুদ
-
বক্তব্য রাখছেন ব্যারিস্টার মওদুদ আহমদ
বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন এখন সময়ে ব্যাপার, এমনটাই দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে যতই অভিযান পরিচালনা করুক না কেন। এটা হচ্ছে আইওয়াশ। এটা সত্যিকার অর্থে তারা পারবে না। কারণ তাদের প্রত্যেকটি অঙ্গ-প্রতঙ্গ, শাখা-প্রশাখায় দুর্নীতি প্রবেশ করেছে। এখান থেকে ফিরে আসা তাদের সম্ভব হবে না। নিজেদের কারণেই তাদের পতন হবে।
আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন ব্যারিস্টার মওদুদ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভা আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল।
বিএনপির এ নেতা বলেন, এক বছর আট মাস হলো আমাদের নেত্রী কারাগারে বন্দি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছয় হাজার মাইল দূরে আছেন। লক্ষাধিক মামলায় ২৬ লাখের ওপরে দলীয় নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তারপরও বিএনপি টিকে আছে। তারা জোর করে বিএনপিকে নিঃশেষ করতে চায়। কিন্তু তারা তা করতে পারেনি। কারণ বিএনপি একটি দেশপ্রেমিক রাজনৈতিক দল। এ দল দেশের জনগণের জন্য কাজ করে। এ দলকে নিঃশেষ করা সম্ভব হবে না।
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা দাবি করে তিনি বলেন, দুর্নীতিপরায়ণ সরকারের পতন হতে বাধ্য; অবশ্যই পতন হবে। আমাদের নেত্রী মুক্তি পাবেন, দেশে গণতন্ত্র ফিরে আসবে। আইনের শাসন ফিরে আসবে, বিচার বিভাগের স্বাধীনতা ফিরে আসবে। যারা জেলে আছেন তারা মুক্তি পাবেন। বিরোধীদলের সব নেতাকর্মীর মামলা প্রত্যাহার করা হবে। আমরা দেশে একটি সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠা করব।
সরকারের সমালোচনা করে ব্যারিস্টার মওদুদ বলেন, দেশে এখন আওয়ামী পুলিশের শাসন চলছে। পুলিশ নির্ধারণ করে দেয়, কোন দল সভা-সমাবেশ করতে পারবে, আর কোন দল পারবে না। এই সরকার ভারতের সঙ্গে চুক্তি করে আমাদের হাত পা বেঁধে ফেলেছে। আমাদের স্বাধীনতার শক্তি, সার্বভৌমত্বের শক্তি নষ্ট করে দিয়েছে।
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, নুসরাত হত্যা মামলার রায়ের পরে আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, দেশে যে আইনের শাসন আছে সেটা প্রমাণ হলো। তার মানে, সরকার যখন চাইবে, তখন আইনের শাসন হবে।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।