ক্লিন ইমেজের লোককে আওয়ামী লীগে স্বাগত জানাই: ওবায়দুল কাদের
-
সফিপুরে নির্মাণাধীন ফ্লাইওভারের অগ্রগতি পরিদর্শন করেন ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের ক্লিন ইমেজের লোক আওয়ামী লীগে অনুপ্রবেশকারী নয়। তাদেরকে আমরা স্বাগত জানাই। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কোনভাবেই দলে রাখা যাবে না।
আজ (শুক্রবার) সকালে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুরে নির্মাণাধীন ফ্লাইওভারের অগ্রগতি পরিদর্শন শেষে, তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫শ’ জন অনুপ্রবেশকারীর তালিকা তৈরি করেছেন। সেই তালিকা বিভাগীয় পর্যায়ে যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের কাছে হস্তান্তর করেছি। সারাদেশে নতুন করে যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসছে। নতুন নেতৃত্বে যাতে অনুপ্রবেশকারী, তথা বিতর্কিত-অপকর্মকারী লোকজন আসতে না পারে, সেজন্য সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের কথা উল্লেখ করে তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এজন্য সরকার মাঠঘাট বেঁধেই নেমেছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই সড়ক পরিবহন আইন করা হয়েছে। দেশে এখন আর অবকাঠামোগত কোন সমস্যা নেই; যথেষ্ট উন্নয়ন হয়েছে। শৃঙ্খলা না থাকলে উন্নয়নের কোন মুল্য নেই।
সুন্দরবনে শান্তিময় পরিস্থিতি ধরে রাখব: স্বরাষ্ট্রমন্ত্রী
এদিকে, এখনো যারা সুন্দরবনে দস্যুতা করার জন্য চেষ্টা করছেন, তাদের সাবধান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমরা কাউকে ছাড় দেবো না। সুন্দরবনে যে শান্তিময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কোনো মূল্যে তা ধরে রাখবো।
আজ (শুক্রবার) সকালে বাগেরহাটে, সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার বর্ষপূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বিপথগামী পথ থেকে ফিরে আসছেন, তাদের প্রতি আমাদের সুদৃষ্টি রয়েছে। তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে। এ সময়, র্যাবের তালিকা অনুযায়ী আত্মসমর্পণকারী দস্যুদের মামলা থেকে মুক্তি দেয়ার প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।