বাংলাদেশে আবারো বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব: গণশুনানি ডেকেছে বার্ক
https://parstoday.ir/bn/news/bangladesh-i74996-বাংলাদেশে_আবারো_বিদ্যুতের_মূল্য_বৃদ্ধির_প্রস্তাব_গণশুনানি_ডেকেছে_বার্ক
বাংলাদেশে বিদ্যুতের মূল্য আরেক দফা বৃদ্ধির প্রস্তাব করেছে বিদ্যুৎ উৎপাদনকারী সরকারি ও বেসরকারি কোম্পানিগুলো। মূল কারণ হিসেবে বলা হচ্ছে গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে তাদের বিদ্যুত উৎপাদন খরচ বেড়ে গেছে। এ নিয়ে বিদ্যুৎ সেক্টরের উৎপাদক, সঞ্চালনকারী ও বিতরণকারী সংস্থাগুলোকে সাথে নিয়ে ২৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত গণশুনানি ডেকেছে এনার্জি রেগুলেটরী কমিশন (বার্ক)।  
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
নভেম্বর ০৪, ২০১৯ ১৬:০০ Asia/Dhaka
  • বাংলাদেশে আবারো বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব: গণশুনানি ডেকেছে বার্ক

বাংলাদেশে বিদ্যুতের মূল্য আরেক দফা বৃদ্ধির প্রস্তাব করেছে বিদ্যুৎ উৎপাদনকারী সরকারি ও বেসরকারি কোম্পানিগুলো। মূল কারণ হিসেবে বলা হচ্ছে গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে তাদের বিদ্যুত উৎপাদন খরচ বেড়ে গেছে। এ নিয়ে বিদ্যুৎ সেক্টরের উৎপাদক, সঞ্চালনকারী ও বিতরণকারী সংস্থাগুলোকে সাথে নিয়ে ২৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত গণশুনানি ডেকেছে এনার্জি রেগুলেটরী কমিশন (বার্ক)।  

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি পর্যায়ে উৎপাদিত সব বিদ্যুতের একক ক্রেতা হচ্ছে বিদ্যুত উন্নয়ন বোর্ড-পিডিবি। সে বিদ্যুৎ পাইকারী হারে ভর্তুকিতে বিক্রি করা হয় ছ’টি বিতরণকারী প্রতিষ্ঠানের কাছে। এসব বিতরণকারীর মাধ্যমে দেশের গ্রাহকদের খুচরা মূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

এর আগে ২০১৭ সালে বিদ্যুতের মূল্য বাড়িয়েছিল পিডিবি। বিদ্যুতের মূল্য আর একদফা বাড়ানো হলে জনগণের মধ্যে ক্ষোভের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল।   তবে, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার যদি এ খাতে ভর্তুকি বহাল রাখতে চায় তবে বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণ নেই।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ

এদিকে জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেছেন, বিদ্যুতের উৎপাদন সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় যে অপচয় হচ্ছে তা কমানো গেলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির দরকার হবে না।

তবে অর্থনীতিবিদরা মনে করেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি হলে দেশে শিল্প উৎপাদনের খরচ বাড়বে আর সাধারণ ভোক্তাদেরই তার বোঝা বহন করতে হবে। গ্রাহকরা   আশা করছেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দিকে সরকারের গুরুত্ব দেয়া দরকার।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।