ত্যাগী কর্মী চাই, বসন্তের কোকিলদের চাই না: ওবায়দুল কাদের
-
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, 'বসন্তের কোকিলদের নিয়ে দল ভারী করার প্রস্তাব করবেন না। আমরা বিশ্বাসী, সাহসী এবং ত্যাগী কর্মী চাই, বসন্তের কোকিলদের চাই না।'
আজ (সোমবার) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী বলেন, 'আমাদের কোনো খারাপ লোকের দরকার নেই। খারাপ কর্মীরা দলের দুর্নাম ডেকে আনে। খারাপ কর্মীদের দলের দুঃসময়ে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না।'
ওবায়দুল কাদের বলেন, 'আমি আমাদের প্রতিটি সংগঠনের নেতাকর্মীদের বলতে চাই, দলে কোনো দূষিত রক্ত চাই না। দলে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে। ক্লিন ইমেজের কর্মীদের সংগঠনে যুক্ত করতে হবে।'
ওবায়দুল কাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 'দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, লুটেরা, সন্ত্রাসীরা সাবধান। আপনারা কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা চিরস্থায়ী নয়।'
ওবায়দুল কাদের বলেন, ‘শুদ্ধি অভিযান শুরু হয়ে গেছে। শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। শুধু আওয়ামী লীগ নয়, অন্যান্য রাজনৈতিক দল যারা বড় বড় কথা বলছেন। কারা দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, খোঁজ নেয়া হবে। প্রশাসনে কারা দুর্নীতিবাজ। সব সেক্টরে খারাপ লোকদের খুঁজে বের করা হবে।’
নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আসুন শেখ হাসিনার কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকি, সততা নিয়ে, সাহস নিয়ে বঙ্গবন্ধুর আদর্শের পতাকা হাতে এগিয়ে যাই, কোনো শক্তি আওয়ামী লীগের অগ্রযাত্রাকে রুখতে পারবে না।’
তিনি জানান, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদকের নাম আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে ঘোষণা করা হবে।
এর আগে, অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ। সম্মেলনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বাবু দেবাশীষ বিশ্বাস, পরিচালনা করেন সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাহ হোসেন সাচ্চু।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।