সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই নতুন সড়ক পরিবহন আইনের মূল উদ্দেশ্য: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i75337-সড়কে_শৃঙ্খলা_ফিরিয়ে_আনাই_নতুন_সড়ক_পরিবহন_আইনের_মূল_উদ্দেশ্য_কাদের
বাংলাদেশে নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে যেন কোনোপ্রকার বাড়াবাড়ি না হয় সেদিকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরিবহন মালিক-শ্রমিকদের নতুন আইন মেনে চলার অনুরোধ জানিয়ে কোনো প্রকার ধর্মঘট এবং গাড়ি চালানো বন্ধ করা থেকে বিরত থাকার অনুরোধও জানিয়েছেন তিনি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ১৮, ২০১৯ ১৪:৩২ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশে নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে যেন কোনোপ্রকার বাড়াবাড়ি না হয় সেদিকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরিবহন মালিক-শ্রমিকদের নতুন আইন মেনে চলার অনুরোধ জানিয়ে কোনো প্রকার ধর্মঘট এবং গাড়ি চালানো বন্ধ করা থেকে বিরত থাকার অনুরোধও জানিয়েছেন তিনি।

আজ (সোমবার) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, নতুন আইনে জরিমানা আদায় করা মুখ্য উদ্দেশ্য নয়, সরকার চায় সবাই আইন মেনে চলুক। নতুন সড়ক পরিবহন আইনের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই প্রধান উদ্দেশ্য।

সেতুমন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ গত ১ নভেম্বর কার্যকর হয়েছে। তবে মাঠপর্যায়ে এটি বাস্তবায়নে দুই সপ্তাহ সময় দেয়া হয়েছিল। সে হিসেবে গতকাল থেকে মাঠপর্যায়ে আনুষ্ঠানিকভাবে এটি বাস্তবায়ন করা শুরু হয়েছে।

তবে, নতুন এ আইনটি কার্যকর শুরু হওয়ায় প্রতিবাদ জানিয়ে সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে খুলনা বিভাগের সকল জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ করে দিয়ৈছে পরিবহন শ্রমিকরা। এছাড়া, উত্তরবঙ্গের রাজশাহী, দিনাজপুর হিলিসহ বিভিন্ন রুটেও পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনার জন্য পরিবহন শ্রমিক ফেডারেশন আগামী ২১ ও ২২ নভেম্বর বর্ধিত সভা ডেকেছে।

এ প্রসঙ্গে কুষ্টিয়া জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুবুল হক গণমাধ্যমে জানান, গত রাতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেন, আজ (সোমবার) নতুন সড়ক আইন প্রয়োগ হবে। গাড়ি চালকেরা কঠিন শাস্তির আতঙ্ক মাথায় নিয়ে সড়কে বাস চালাবেন না।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম বলেন, নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রতিবাদে শ্রমিকেরা বাস চালাচ্ছেন না। তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন।

তিনি আরও বলেন, নতুন পরিবহন আইনে কোনো কারণে দুর্ঘটনায় কেউ মারা গেলে চালকদের মৃত্যুদণ্ড এবং আহত হলে ৫ লাখ টাকা দিতে হবে। এত টাকা দেওয়ার সামর্থ্য শ্রমিকদের নেই। বাস চালিয়ে তারা জেলখানায় যেতে চান না।

খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, শ্রমিকেরা ফাঁসি ও যাবজ্জীবন দণ্ডের ভয়ে গাড়ি চালানো বন্ধ করে দিচ্ছেন। সমিতির  সঙ্গে আলোচনা না করেই তারা এসব করছেন।

এদিকে, নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হওয়ায় খুশি সাধারণ মানুষ। সড়ক আইন কার্যকরে ধীরে ধীরে আইন মানার অভ্যাস হবে বলে মনে করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফুজ্জামান।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।