বিএনপি নেতাদের মুখ ছাড়া সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i75406-বিএনপি_নেতাদের_মুখ_ছাড়া_সার্বিক_পরিস্থিতি_সরকারের_নিয়ন্ত্রণে_কাদের
বিএনপি নেতাদের মুখ ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ২২, ২০১৯ ১২:২৩ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বিএনপি নেতাদের মুখ ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সম্মেলনের প্রস্তুতি দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বাজারে পণ্যমূল্যের অস্থিরতায় বিএনপি নেতাদের দেশে দুর্ভিক্ষের আশঙ্কার প্রতিক্রিয়ায় এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

কাউন্সিলরদের সম্মতিতে যুবলীগের নেতৃত্ব নির্বাচিত হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যুবলীগের ৫৫ বছর বয়সসীমার বাধ্যবাধকতা কেন্দ্র ও তৃণমূল সবখানেই থাকবে। তবে এখন যারা আছেন, তারা নতুন কমিটি ঘোষণা পর্যন্ত থাকতে পারবেন। যুবলীগের গঠনতন্ত্রে পরিবর্তন আসবে বলেও জানান তিনি।

এ সময়, সড়ক পরিবহন আইন নিয়ে শ্রমিক-মালিকদের আপত্তি থাকা কিছু বিষয় নিয়ে সমঝোতা হয়েছে বলেও জানান তিনি।

আগামীকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের জন্য পদ্মা সেতুর আদলে মঞ্চ সাজানো হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্যে বিভ্রান্তি, চরিত্রহনন, গুজব ছড়ানো বড় সমস্যা বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এজন্য ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য সার্ভিস প্রোভাইডারকে আইনের আওতায় আনতে উন্নত দেশের মতো বাংলাদেশেও বিধিমালা তৈরি হচ্ছে বলে জানান তিনি।

আজ (শুক্রবার) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বিটিভি চট্টগ্রাম কেন্দ্র, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ বৈঠকের আয়োজন করে।

তিনি আরও বলেন, দেশে বেসরকারি টিভির যাত্রা শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। আরও ১১টি সম্প্রচারে আসার অপেক্ষায় আছে। প্রত্যক্ষ-পরোক্ষভাবে ১ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এ খাতে। টিভি নতুন প্রজন্মের মনন তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষ্টি সংস্কৃতি লালনের পাশাপাশি দেশ জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।#

 

 

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।