যুবলীগের চেয়ারম্যান নয়, কর্মী হিসেবে দায়িত্ব পালন করব: শেখ পরশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i75440-যুবলীগের_চেয়ারম্যান_নয়_কর্মী_হিসেবে_দায়িত্ব_পালন_করব_শেখ_পরশ
বাংলাদেশে আওয়ামী যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, “বঙ্গবন্ধুর ত্যাগ এবং তার কন্যার দেশের প্রতি হৃদয়ের ভালোবাসা থেকে আমি সাহস পাই। তাই আজ আমি আপনাদের সামনে বলতে চাই, আমার ওপর যে দায়িত্ব অর্পিত হচ্ছে আমি সম্পূর্ণ সততার সঙ্গে দায়িত্বগুলো পালন করব।"
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ২৩, ২০১৯ ১৯:৫৩ Asia/Dhaka
  • যুবলীগের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর বক্তব্য দেন শেখ ফজলে শামস পরশ।
    যুবলীগের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর বক্তব্য দেন শেখ ফজলে শামস পরশ।

বাংলাদেশে আওয়ামী যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, “বঙ্গবন্ধুর ত্যাগ এবং তার কন্যার দেশের প্রতি হৃদয়ের ভালোবাসা থেকে আমি সাহস পাই। তাই আজ আমি আপনাদের সামনে বলতে চাই, আমার ওপর যে দায়িত্ব অর্পিত হচ্ছে আমি সম্পূর্ণ সততার সঙ্গে দায়িত্বগুলো পালন করব।"

আজ (শনিবার) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভায় চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের চেয়ারম্যান হিসেবে শেখ ফজলে শামস পরশকে এবং মাইনুল হোসেন খান নিখিলকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য কমিটি ঘোষণা করেন।

শেখ ফজলে শামস পরশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে। তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তার ছোট ভাই শেখ ফজলে নূর তাপস ঢাকা-১২ আসনের তিনবারের সংসদ সদস্য।

শেখ ফজলে শামস পরশ (চেয়ারম্যান) এবং মাঈনুল খান নিখিল (সাধারণ সম্পাদক)

দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে শেখ ফজলে শামস পরশকে বলেন, "যুবলীগের একজন চেয়ারম্যান হিসেবে নয়, একজন কর্মী হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করব। আপনারা আমার শক্তি হবেন। আমার বাবা মণি বঙ্গবন্ধুর ও মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই সংগঠন করেছিলেন।"

যুবলীগের চেয়ারম্যান হিসেবে নয়, যুবলীগের একজন কর্মী হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করবেন জানিয়ে তিনি বলেন, "আমার চেষ্টা থাকবে যুব সমাজ যেন আই হেটস পলিটিকস থেকে বেরিয়ে এসে জয়বাংলা, জয়বঙ্গবন্ধু বলে দেশের কাজে নিজেদের নিয়োজিত রাখে।"

"আওয়ামী লীগ শহীদের রক্ত দ্বারা তৈরি একটি অনুভূতির নাম"- আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের উদ্ধৃতি দিয়ে যুবলীগ সভাপতি বলেন, "আমি একজন শহীদের সন্তান। ছোটবেলায় আমি এবং আমার ভাই শেখ ফজলে নূর তাপস মা-বাবাসহ অন্যান্য স্বজনদের হারিয়েছি। তাই আমি রাজনীতি থেকে অনেক দূরে ছিলাম। আমাদের দুঃখ শুধু বঙ্গবন্ধু কন্যাদ্বয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহেনা অনুধাবন করেন।"

বঙ্গবন্ধু ১৯৭৪ সালে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন, কিন্তু ১৫ আগস্টের ষড়যন্ত্রের কারণে সে বিপ্লব সম্পূর্ণ হয় নাই উল্লেখ করে যুবলীগের নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, "আজকে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচিকে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের একটি কর্মসূচি হিসেবে দেখি।" 

এর আগে বেলা ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস শুরু হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা ও বেলুন উড়িয়ে এই কংগ্রেসের উদ্বোধন করেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩