রাজধানীর ৬৪ স্থানে বাস স্টপেজ করা হবে: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i75613-রাজধানীর_৬৪_স্থানে_বাস_স্টপেজ_করা_হবে_ওবায়দুল_কাদের
বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন সড়কের ৬৪ স্থানে বাস স্টপেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও জানান, বিকল্প ব্যবস্থা করে ক্রমান্বয়ে ঢাকা মহানগরী থেকে আন্তঃবাস টার্মিনাল সরিয়ে নেয়া হবে।  এজন্য স্থান নির্ধারণসহ অন্যান্য কাজ দ্রুত সময়ে শেষ করার উদ্যোগ নেয়া হয়েছে। পরিবহনসহ অন্যান্য সমস্যা সমাধানে খুব দ্রুত উদ্যোগ নেয়া হবে বলেও জানান মন্ত্রী।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ০১, ২০১৯ ১৫:০২ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন সড়কের ৬৪ স্থানে বাস স্টপেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও জানান, বিকল্প ব্যবস্থা করে ক্রমান্বয়ে ঢাকা মহানগরী থেকে আন্তঃবাস টার্মিনাল সরিয়ে নেয়া হবে।  এজন্য স্থান নির্ধারণসহ অন্যান্য কাজ দ্রুত সময়ে শেষ করার উদ্যোগ নেয়া হয়েছে। পরিবহনসহ অন্যান্য সমস্যা সমাধানে খুব দ্রুত উদ্যোগ নেয়া হবে বলেও জানান মন্ত্রী।

আজ (রোববার) দুপুরে ঢাকা দক্ষিণ নগর ভবনে, ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ- ডিটিসিএ’র বোর্ড সভায় এসব কথা বলেন তিনি। সড়ক পরিবহনমন্ত্রী জানান, ডিটিসিএর কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে কারিগরি দক্ষতা সম্পন্ন একটি বিশেষজ্ঞ বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। ইনার রিংরোড করার সিদ্ধান্ত হয়েছে। ইনার রিংরোড বাস্তবায়নের ক্ষেত্রে জলাধার সংরক্ষণ করতে হবে। নারায়ণগঞ্জের আদমজী পর্যন্ত যে লেক রয়েছে, সেটা ভরাট করা যাবে না। শুধু এ লেকই না, কোনো জলাশয়ই ভরাট করে স্থাপনা নির্মাণ করা যাবে না। এটা প্রধানমন্ত্রীরও একটি নির্দেশনা। আর ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করে সিটি ফরেস্ট নির্মাণ করবে সিটি করপোরেশন।

ওবায়দুল কাদের আরও বলেন, ডেঙ্গু পরিস্থিতির কারণে ঢাকার সড়ক থেকে অবৈধ রিকশা, ব্যাটারিচালিত রিকশা, সিএনজি এবং অবৈধ যানবাহন উচ্ছেদ করা সম্ভব হয়নি। একাজ রাতারাতি সম্ভব নয়। এজন্য আবারও উদ্যোগ নেয়া হয়েছে। এ কাজ সিটি করপোরেশন ও ডিটিসিএ’র সহযোগিতায় পুলিশ পালন করবে।

ওবায়দুল কাদের জানান, মহানগরীর যেসব স্থানে ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা বা ইজিবাইক চলাচল করছে,  সেসব এলাকার যানজট নিয়ন্ত্রণে ডিটিসিএ ও সিটি করপোরেশনের সহযোগিতায় পুলিশ এসব যানবাহন বন্ধে কাজ করবে। রাজউক থেকে ভবনের অনুমোদনের সময় ডিটিসিএ’র ক্লিয়ারেন্স লাগবে।

এ সময়, ধুলা দূষণের জন্য সরাসরি প্রধানমন্ত্রীর দফতর কাজ করছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।