বিএনপি আন্দোলন করার আগেই ভয় পেয়েছে আওয়ামী লীগ: মির্জা আব্বাস
https://parstoday.ir/bn/news/bangladesh-i75628-বিএনপি_আন্দোলন_করার_আগেই_ভয়_পেয়েছে_আওয়ামী_লীগ_মির্জা_আব্বাস
‘বিএনপির রাজপথে নামার শক্তি নেই’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেছেন, বিএনপি আন্দোলন করার আগেই তো আপনারা ভয় পেয়ে গেছেন, গ্রেফতার করা শুরু করে দিয়েছেন।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ০২, ২০১৯ ১৩:৫১ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন মির্জা আব্বাস
    বক্তব্য রাখছেন মির্জা আব্বাস

‘বিএনপির রাজপথে নামার শক্তি নেই’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেছেন, বিএনপি আন্দোলন করার আগেই তো আপনারা ভয় পেয়ে গেছেন, গ্রেফতার করা শুরু করে দিয়েছেন।  

'পুলিশের ওপর ভর করে সরকার টিকে আছে' মন্তব্য করে বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক বলেন, পুলিশ-র‍্যাব-বিজিবি ছাড়া আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর এক মিনিটও ক্ষমতায় থাকার ক্ষমতা নেই। সাহস থাকলে পুলিশ ছাড়া রাজপথে আসেন।

আজ (সোমবার) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপির কর্মীদের গ্রেফতারের ভয় দেখিয়ে লাভ নেই। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এখন মামলার সংখ্যা ৩৫ লাখ। অর্থাৎ আমাদের ৩৫ লাখ নেতাকর্মী গ্রেফতার হওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, তাদের বাবা-মা-ভাই ও বোনেরাও রয়েছেন। সুতরাং আওয়ামী লীগের সতর্ক হওয়া উচিত। বাংলাদেশের কোটি কোটি বিএনপির সমর্থক এবং জনগণ ক্ষিপ্ত হয়ে রয়েছে।

এসময় বিএসএমএমইউ'র চিকিৎসকদের আগামী ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সঠিক প্রতিবেদন আদালতে উপস্থাপনের দাবি জানান মির্জা আব্বাস। তিনি বলেন, আগামী ৫ তারিখে খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন সুপ্রিম কোর্টে উপস্থাপন করা হবে। আমরা চাই এই প্রতিবেদন যে অবস্থায় আছে সেই অবস্থায় উপস্থাপন করা হোক। তা হলে দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রকৃত অবস্থা জানা যাবে।

সভায় আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/ আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।