উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় আনতে হবে: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i75633-উন্নয়নকে_বাঁচাতে_হলে_শেখ_হাসিনাকে_বার_বার_ক্ষমতায়_আনতে_হবে_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ‌উদ্দেশ্যে বলেছেন, 'দল ভারী করার জন্য খারাপ লোকদের দিয়ে কমিটি গঠন বা পকেট কমিটি করা চলবে না। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আমরা বসন্তের কোকিল চাই না।'
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ০২, ২০১৯ ১৫:০০ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ‌উদ্দেশ্যে বলেছেন, 'দল ভারী করার জন্য খারাপ লোকদের দিয়ে কমিটি গঠন বা পকেট কমিটি করা চলবে না। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আমরা বসন্তের কোকিল চাই না।'

আজ (সোমবার) দুপুরে শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে হলে ত্যাগী নেতাকর্মীদের বাঁচাতে হবে। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় আনতে হবে।

দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, লুটেরা ও সন্ত্রাসীদের হুঁশিয়ার করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, বড় বড় স্লোগান, পোস্টার আর নানা রঙের ব্যানার-ফেস্টুন দিয়ে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়।

ওবায়দুল কাদের বলেন, সম্মেলন উপলক্ষে বড় বড় গেট, বড় বড় পোস্টার। নানা রঙের ব্যানার-ফেস্টুন তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। সাজসজ্জা করার এত টাকা কোথায় পেলেন? ব্যানার-ফেস্টুন আর পোস্টার না ছাপিয়ে এসব টাকা অসুস্থ, অসচ্ছল ও গরিব মানুষকে দিন। এসব টাকায় অসহায় মানুষের উপকার হলে তখন আপনি নেতা হবেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।