রাষ্ট্রীয় ব্যস্ততার কারণেই ভারত সফরে যাননি স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i75907-রাষ্ট্রীয়_ব্যস্ততার_কারণেই_ভারত_সফরে_যাননি_স্বরাষ্ট্র_ও_পররাষ্ট্রমন্ত্রী_কাদের
রাষ্ট্রীয় ব্যস্ততার কারণেই ভারত সফর স্থগিত করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমন দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গঠনমূলক বন্ধুত্ব বজায় আছে। এখানে বয়কটের কোনো ঘটনা ঘটেনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৩, ২০১৯ ১২:১৪ Asia/Dhaka
  • বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
    বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

রাষ্ট্রীয় ব্যস্ততার কারণেই ভারত সফর স্থগিত করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমন দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গঠনমূলক বন্ধুত্ব বজায় আছে। এখানে বয়কটের কোনো ঘটনা ঘটেনি।

ভারতের সাথে কোনো সমস্যা হলে, আলোচনার মাধ্যমেই সমাধান হবে। ভারত একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। দেশটির পার্লামেন্টে কিছু পাস হলে, সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশনে, প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের ১ম সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর দিল্লী ও শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রীর মেঘালয় যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করেন তারা।

ভারতের আনন্দবাজার পত্রিকা বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর আটকে দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদি সরকারকে কড়া বার্তা দিতে চেয়েছেন। শুক্রবার ‘বিদেশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর আটকে বার্তা হাসিনার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি। ভারতে নাগরিকত্ব আইন সংশোধন নিয়ে সহিংস বিক্ষোভের মধ্যেই বাংলাদেশের দুই মন্ত্রীর দেশটি সফর বাতিলের এ সিদ্ধান্ত আসে।

ব্রিটিশ পার্লামেন্টে হ্যাট্রিক বিজয়ে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকীকে অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপসহ চারজন বাংলাদেশি বিজয়ী হয়েছেন। এই সাফল্য দেশের জন্য সম্মান বয়ে এনেছে।

আসন্ন কেন্দ্রীয় সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ২১তম জাতীয় সম্মেলন হবে সাড়া জাগানো শ্রেষ্ঠ সম্মেলন। এরইমধ্যে মেয়াদোত্তীর্ণ ২৯টি জেলার সম্মেলন শেষ হয়েছে। নতুন কমিটি দেয়া হয়েছে।

এ সময়, সরকার হটাতে বিএনপি নানামুখী ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবানও জানান তিনি।

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক

এদিকে, দেশের সর্বোচ্চ আদালত বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেছেন উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তাদের বক্তব্য পুরোটাই মনগড়া। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিরা সব কাগজপত্র দেখে জামিনের আবেদন খারিজ করেছেন। তাই এ নিয়ে বিতর্কের সুযোগ আছে বলে আমার মনে হয় না। কিন্তু তারা নিজেদের নেতৃত্ব বজার রাখতে আজেবাজে কথা বলছেন।

আজ (শুক্রবার) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময়, বিএনপি জামায়াত আবারও দেশে ভয়ংকর পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন আইনমন্ত্রী।#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/১৩