ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন চাই না: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i75963-ভারতের_সঙ্গে_দ্বিপক্ষীয়_সম্পর্কে_টানাপোড়েন_চাই_না_কাদের
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক খুব ভালো। এ সম্পর্কে কোনও টানাপোড়েন সৃষ্টি হোক, সেটা চাই না, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৯ ১৩:৪৪ Asia/Dhaka
  • ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন চাই না: কাদের

ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক খুব ভালো। এ সম্পর্কে কোনও টানাপোড়েন সৃষ্টি হোক, সেটা চাই না, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, এনআরসি’র বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ভারত আমাদের প্রতিবেশি দেশ। তাদের সংসদে যেটা পাস হয় সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এর প্রতিক্রিয়া কী হতে পারে, সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্য দিয়ে ভারতের হাইকমিশনারের মাধ্যমে পাঠানো হয়েছে। যদি কোনও সমস্যা হয় তাহলে আমরা আলাপ আলোচনা করে সমাধান খুঁজে নেবো। ভারতের সঙ্গে আমাদের বাইলেটারাল আলোচনার সুযোগ আছে।

আজ (রোববার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সম্মেলনের স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আসন্ন জাতীয় সম্মেলন স্মরণকালের সবচেয়ে বড় হবে জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, সম্মেলনের জন্য মঞ্চ কমিটি ১৮ তারিখে মঞ্চ হস্তান্তর করবে। এতে সারাদেশ থেকে লোক আসবে। সহযোগী সংগঠনের সম্মেলনের মধ্য দিয়ে বুঝা গেছে উপস্থিতি কত বেশি হবে। এটা ধারণা করে বলা যাচ্ছে না। মনে হচ্ছে, এই সম্মেলন স্মরণকালের সেরা হবে। কেন্দ্রীয় কমিটিতে বড় কোন পরিবর্তন হবে না বলেও জানান তিনি।

এদিকে, ভারত থেকে ফড়িয়া ধরে বাংলাদেশে লোক আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন দেখে ভারত থেক ফড়িয়া ধরে এদেশে লোক আসছে। তবে বাংলাদেশের লোক ছাড়া অন্য কেউ বাংলাদেশে ঢুকলে তাদের বিদায় করে দেয়া হবে।

আজ (রোববার) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ভারত সফর বাতিলের বিষয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু সরকারের একটি অলিখিত নিয়ম আছে মন্ত্রী-সচিব একই সময়ে বিদেশে যাওয়া যায় না। আমার ভারত সফরে যাওয়ার সময় প্রতিমন্ত্রী-সচিব বিদেশে অবস্থান করছেন। সে কারণে সফর বাতিল করা হয়েছে। ভারতের এনআরসি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের নাগরিক তালিকা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। তারা আমাদের আশ্বস্ত করেছে। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়।#

পার্সটুডে/ শামস মন্ডল/ বাবুল আখতার/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।