শুক্রবার আওয়ামী লীগের ২১ তম জাতীয় কাউন্সিল
১৯ ডিসেম্বর : বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল আগামীকাল (শুক্রবার)। এ সম্মেলনকে ঘিরে সারাদেশে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক আয়োজন। শীতের তীব্রতা যত বাড়ছে, আমাদের কর্মীদের ঢলও তত প্রবল হচ্ছে। সারা বাংলাদেশ থেকে আগামীকাল নেতাকর্মীরা যোগ দেবেন।
আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল অধিবেশনের মঞ্চ পরিদর্শন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি জানান, আমাদের সামনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মতো এজেন্ডা বাস্তবায়নের বিষয় আছে। আমাদের সব আয়োজন এবার প্যান্ডেল ও মঞ্চকে ঘিরেই। দায়িত্বে থাকা উপকমিটি সেই দায়িত্ব ভালোভাবেই পালন করেছে।
সাধারণ সম্পাদক বলেন, উদ্বোধনী অধিবেশনে আমাদের নেত্রী, সভাপতি তার নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এরপর ২১ তারিখ নির্বাচন কমিশন মঞ্চে আসন গ্রহণ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা আহ্বান করবেন।
কমিটিতে পরিবর্তন আসছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলরদের মাইন্ডসেট বোঝেন। নেত্রী জানেন, কাউন্সিলররা কী চান। আবার কাউন্সিলররাও জানেন, নেত্রী কী চান। কীভাবে আওয়ামী লীগ সাজাবেন সেটাও নেত্রী জানেন। সেটা ২১ তারিখই পরিষ্কার হবে।
ওবায়দুল কাদের বলেন, আমরা নতুন-পুরনো মিলে আওয়ামী লীগকে একটা শক্তি হিসেবে এগিয়ে নিয়ে যাবো। বিজয়কে সংহত করার পথে কিছু কিছু বাধা আছে, চ্যালেঞ্জ আছে। এখনো তলে তলে বড় ধরনের হামলা হতে পারে। সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিবাদ সক্রিয় হতে পারে। এখনো ভেতরে ভেতরে তাদের শক্তি কাজ করছে। সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ, তার মূল উৎপাটন করতে হবে।
আগামীকাল (শুক্রবার) বিকেল ৩টায় আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উদ্বোধন হবে। পরদিন (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হবে কাউন্সিল অধিবেশন।#
পার্সটুডে/ শামস মন্ডল /এমবিএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।