বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন সমগ্র বিশ্বের জন্য বিস্ময়: প্রধানমন্ত্রী
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ আজ এক সোনালী সম্ভাবনার মহাসড়কে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন আজ সমগ্র বিশ্বের জন্য উন্নয়নের বিস্ময়।
আজ (রোববার) সকালে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জিডিপি প্রবৃদ্ধি ৮.১৫ শতাংশে উন্নীত হয়েছে। দারিদ্র্যের হার ২০.৫ শতাংশ হ্রাস পেয়েছে। আমাদের মাথাপিছু আয় বেড়ে ১ হাজার ৯০৯ মার্কিন ডলার হয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসসহ রেল, নৌযোগাযোগ ক্ষেত্রে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আমরাই বিশ্বে প্রথম শত বছরের বদ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়ন শুরু করছি। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। আইনের শাসন প্রতিষ্ঠা করছি। বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে দেশ গণতন্ত্র ও সরকারবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের এই উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’
শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে আমরা ৫৭ তম দেশ হিসেবে স্যাটেলাইট প্রযুক্তির অভিজাত দেশের কাতারে যুক্ত হয়েছি। আওয়ামী লীগ সরকারের সুদূরপ্রসারী ও উন্নয়ন পরিকল্পনা ও এর সফল বাস্তবায়নের ফলে এসব অর্জন সম্ভব হয়েছে।’
এর আগে সকাল পৌনে ১১টার দিকে সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি সেখানে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় প্রধান মন্ত্রী বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ নেভাল একাডেমির অব্যাহত অগ্রযাত্রা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান /এমবিএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।