বিতর্কিতরা ঢাকা সিটি নির্বাচনে মনোনয়ন পাবে না: ওবায়দুল কাদের
-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে এখনো কাউকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। ক্লিন ইমেজের ব্যক্তিরাই এখনে মনোনয়ন পাবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সিটি করপোরেশন নির্বাচনে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা কর্মকাণ্ডের জন্য বিতর্কিত তাদের মনোনয়ন দেব না। যাদের অপকর্মের রেকর্ড নেই এ ধরনের প্রার্থীদের আমরা চুজ করব। এজন্য নির্বাচনে হারলে সরকারের মাথায় আকাশ ভেঙ্গে পরবে না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় দুই সিটির ১৭২ জন কাউন্সিলর ও মেয়র প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত হবে। জনপ্রিয় এবং গ্রহণযোগ্যদের মনোনয়ন দেয়ার জন্য বোর্ড বসবে। ক্লিন ইমেজের প্রার্থীদের মনোনয়ন দেয়ার বিষয়ে আমাদের নেত্রীরও মাইন্ড সেট আছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিষয়ে তিনি বলেন, কমিটিতে নারী-পুরুষ মিলিয়ে ১৫ জন নতুন মুখ এসেছে। কমিটি গঠনের পরপরই নতুন চ্যালেঞ্জ হলো, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন। এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হবে। সেজন্য প্রস্তুতি নিতে হবে। আগামীকাল (শনিবার) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে বলেও জানান ওবায়দুল কাদের।
দলের পর মন্ত্রিসভাতেও রদবদল হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, মন্ত্রিসভার পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর এখতিয়ার। রুটিন একটা পরিবর্তন তো হয়। নতুন বছরেও হতে পারে। কখন হবে, আমি ঠিক বলতে পারছি না।#
পার্সটুডে/ শামস মন্ডল /এমবিএ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।