করোনাভাইরাস: চীন থেকে ফিরতে ইচ্ছুকদের সহায়তায় প্রধানমন্ত্রীর নির্দেশ
করোনাভাইরাস: চীন থেকে ফিরতে ইচ্ছুকদের সহায়তায় প্রধানমন্ত্রীর নির্দেশ
-
চীনের উহান বিমানবন্দরে যাত্রীদের পরীক্ষা করছেন এক স্বাস্থ্যকর্মী
চীনে করোনাভাইরাসের কারণে আটকে পড়া বাংলাদেশিরা চাইলে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (সোমবার) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি তার ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেন। বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তাই দেয়াই সরকারের মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, “আমরা চীন সরকারের সাথে এই বিষয়ে আলোচনা শুরু করেছি।” বাস্তবতার নিরিখে দেশটির স্থানীয় প্রশাসনের সাথে সম্মতির ভিত্তিতে এ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, “আজকের দিনের (সোমবার) শেষে এ প্রসঙ্গে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে, যার মূল উদ্দেশ্য থাকবে আগ্রহীদের তালিকা প্রণয়ন।”

এদিকে, চীনের কয়েকটি শহরে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের রাজধানী উহানেই আটকে রয়েছেন ২৪৫ বাংলাদেশি শিক্ষার্থী।
প্রসঙ্গত, এ পর্যন্ত চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮০ জন মানুষ মারা গেছেন, এছাড়া এ ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা তিন হাজারেরও বেশি। ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে দেশটিতে নতুন বছর উপলক্ষে থাকা সরকারি ছুটি আরও তিনদিন বাড়িয়ে দেয়া হয়েছে। এ কারণে চীনের উহান এবং এর আশেপাশের কয়েকটি শহরে ইতোমধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।