নির্বাচন ভালো হয়েছে, ভোট ৩০ শতাংশের বেশি নয়: সিইসি
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।শনিবার রাতে নির্বাচন ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “নির্বাচন ভালো হয়েছে। যারা ভোট দিতে গিয়েছেন, তারা সবাই ভোট দিয়েছেন। কেউ বলেনি, ভোট দিতে গিয়েও পারেননি। পার্সেন্টেজ আমি জানি না। পার্সেন্টেজ বোধ হয় ৩০ এর নিচে থাকবে; এর বেশি যাবে না আমার মনে হয়।”
এর আগে ভোটগ্রহণ নিয়ে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন সিইসি। ওই দুই বৈঠকে রাজনৈতিক দল দুটি নির্বাচনে অনিয়মের অভিযোগ করে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থতার দায়ে তার পদত্যাগ দাবি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। দলটির ওই দাবি প্রসঙ্গে জানতে চাইলে সিইসি সরাসরি বলেন, আমি পদত্যাগ করব না।
ভোটগ্রহণের সময়ে বিভিন্ন প্রার্থীর এজেন্ট বের করে দেয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সিইসি বলেন, “এজেন্ট বের করে দেয়ার ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। আমি যে কেন্দ্রে ভোট দিতে গিয়েছি সেখানে সব দলের এজেন্ট ছিল। আর এজেন্টদের ভোটকেন্দ্রে যাওয়ার দায়িত্ব তাদের। ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হলে অভিযোগ করতে হবে। এ ধরনের কোনো অভিযোগ আমি পাইনি, নির্বাচন কমিশনও পায়নি।”
ইভিএমে ভোটগ্রহণের বিড়ম্বনার অভিযোগের বিষয়ে তিনি বলেন, “যারা ইভিএমে ভোট দিয়েছেন, তারা কেউই বিরোধিতা করেনি। ইভিএম খারাপ সে কথাও কেউ বলেনি। ভোট দেয়া জটিল কেউ কেউ বলেছে। এ কারণে ভোট দিতে দেরি হয়েছে।
তবে অধিকাংশ ভোটার বলেছে, ইভিএমে ভোট দিয়ে তারা স্বাচ্ছন্দ্যবোধ করেছে। ইভিএমে সহজে-সঠিকভাবে ভোট দেয়া সম্ভব হয়েছে।”
ভোটারদের আঙ্গুলের ছাপ রেখে ভোট দেয়ার আগে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে- এমন প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি।
এদিকে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, “ইভিএম ব্যবহার করে এই নির্বাচনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে এতে কোনো কেন্দ্রে ১০০% ভোট পড়েনি এবং নির্বাচনের আগের রাতে ব্যালটবাক্স ভর্তি করার সুযোগ ছিল না। এই অপবাদ থেকে আমরা মুক্ত।”
শনিবার ভোট শেষে নির্বাচন ভবনে নিজের কক্ষে ‘আমার কথা’ নামে নিজের একটি লিখিত বক্তব্য তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। মাহবুব তালুকদার বলেন, “উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫% এর নিচে ভোট পড়েছে। নির্বাচন খুবই শান্তিপূর্ণ হয়েছে। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো মারামারি বা রক্তক্ষয় হয়নি। ভোটের মাঠে একপক্ষ ব্যতীত অন্য পক্ষগুলোকে দেখা যায়নি। তাদের অনুপস্থিতির কারণ আমার অজ্ঞাত।”
মাহবুব তালুকদার বলেন, “তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে দৃশ্য দেখা গেছে, তাতে আমি মর্মাহত। আচরণবিধি ভঙ্গের বিষয়ে ব্যবস্থা না নিলে আচরণবিধি থাকা না থাকায় কোন পার্থক্য থাকে না।”#
পার্সটুডে/আশরাফুর রহমান/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।