অর্থবিত্ত দেখে পদ-পদবি দেয়া আওয়ামী লীগের আদর্শ নয়: তথ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i77283-অর্থবিত্ত_দেখে_পদ_পদবি_দেয়া_আওয়ামী_লীগের_আদর্শ_নয়_তথ্যমন্ত্রী
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, 'কারো অর্থবিত্ত দেখে আওয়ামী লীগে কোনো পদ-পদবি দেয়া যাবে না। অমুকের পয়সা আছে, দল চালাতে সুবিধা হবে, এই বিবেচনায় কাউকে পদ দেয়া যাবে না। এটি আওয়ামী লীগের রাজনীতি ও আদর্শ নয়।' আজ (শুক্রবার) দুপুরে আওয়ামী লীগ পাবনা জেলা শাখার তৃণমূল প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০২০ ১৬:০৮ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন ডক্টর হাছান মাহমুদ
    বক্তব্য রাখছেন ডক্টর হাছান মাহমুদ

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, 'কারো অর্থবিত্ত দেখে আওয়ামী লীগে কোনো পদ-পদবি দেয়া যাবে না। অমুকের পয়সা আছে, দল চালাতে সুবিধা হবে, এই বিবেচনায় কাউকে পদ দেয়া যাবে না। এটি আওয়ামী লীগের রাজনীতি ও আদর্শ নয়।' আজ (শুক্রবার) দুপুরে আওয়ামী লীগ পাবনা জেলা শাখার তৃণমূল প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, পরপর তিনবার ক্ষমতায় থাকার কারণে দলের মধ্যে অনেক সুবিধাবাদী ও অনুপ্রবেশকারী ঢুকেছে। যারা এক সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতন করেছে, এমন লোক সংগঠনের মধ্যে ঢুকে পড়েছে। যারা অনুপ্রবেশকারী, সুবিধাভোগের জন্য দল করছেন তাদের চিহ্নিত করে পদ থেকে সরিয়ে দিতে হবে। দল ও আদর্শের প্রতি নিষ্ঠা এবং নেত্রীর প্রতি একাগ্রতাই হবে দলীয় পদ পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা।

নেতাকর্মীদের বিনয়ী হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বদলে গেছে। এত উন্নয়নের মধ্যেও যখন আমাদের কর্মীরা উদ্যত আচরণ করে তখন মানুষ বিরক্ত হয়। তাই কারো উদ্যত আচরণ ও অপকর্মের দায় দল কখনো নেবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, চলতি বছরেই সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি জানান, ১৬ কোটি নাগরিক মুজিববর্ষ পালন করব। বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বাংলাদেশে ১০০ শতাংশ বিদ্যুতায়ন করতে পারব। মুজিববর্ষে দেশের প্রতিটি ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হবে।

আজ (শুক্রবার) সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জাতীয় বিজ্ঞান উৎসব উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

১৩তম জাতীয় বিজ্ঞান উৎসবে দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ক্ষুদে শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক উদ্ভাবন নিয়ে এ উৎসবে অংশ নেয়।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।