নিজ খরচে চীন থেকে ফিরতে চান ৩০ বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i77513-নিজ_খরচে_চীন_থেকে_ফিরতে_চান_৩০_বাংলাদেশি_পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, চীন থেকে দেশে ফিরতে আরও ১৭১ জন রেজিস্ট্রেশন করলেও নিজ খরচে বিমান ভাড়া দিয়ে আসতে চায় ৩০ জন। তবে, কবে নাগাদ তাদের ফিরিয়ে আনা যাবে, এ বিষয়টি চীন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২০ ১৩:৩৬ Asia/Dhaka
  • ড. এ কে আব্দুল মোমেন
    ড. এ কে আব্দুল মোমেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, চীন থেকে দেশে ফিরতে আরও ১৭১ জন রেজিস্ট্রেশন করলেও নিজ খরচে বিমান ভাড়া দিয়ে আসতে চায় ৩০ জন। তবে, কবে নাগাদ তাদের ফিরিয়ে আনা যাবে, এ বিষয়টি চীন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

আজ (রোববার) সকালে নিজ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এরআগে চীনের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত লি জিমিং’র সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময়, করোনাভাইরাস নিয়ে সমবেদনা প্রকাশ করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের রাষ্ট্রদূতের হাতে প্রধানমন্ত্রীর দেয়া চিঠি তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী।

সেইসঙ্গে চীন সরকারকে মাস্ক, গ্লাভস উপহার দিয়েছে বাংলাদেশ। আর করোনা শনাক্তের জন্য চীনের পক্ষ থেকে বাংলাদেশকে ৫০০ কিট দেয়া হবে বলে জানান রাষ্ট্রদূত।

তিনি জানান, দু’দিনের মধ্যে বাংলাদেশের হাতে ৫০০ করোনাভাইরাস পরীক্ষার কিট তুলে দেয়া হবে। করোনা সংকট মোকাবেলায় উহানে ২৬ হাজার চিকিৎসক কাজ করছে। এমন দিনে চীনের পাশে থাকায় বাংলাদেশসহ বিশ্ববাসীর কাছে কৃতজ্ঞও জানান তিনি।

এদিকে, আশকোনা হজক্যাম্পে কোয়ারেন্টাইনে থাকা চীন ফেরত ৩১২ জন বাংলাদেশি বাড়ি ফিরেছেন। তবে তাদের আইইডিসিআরের তত্ত্বাবধানে আরও ১০ দিন থাকতে হবে। জানালেন প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ (রোববার) দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

পরিচালক জানান, নতুন করে মিশরে করোনাভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশে কেউ আক্রান্ত হয়নি। তবে সিঙ্গাপুরে আরো একজন প্রবাসী বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে ৫ বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হলেন।

গেল ১ ফেব্রুয়ারি চীনের উহান থেকে বিশেষ বিমানে করে দেশে ফিরিয়ে আনা হয় ৩১২ জন বাংলাদেশিকে। তারা কেউ করোনাভাইরাস আক্রান্ত কিনা, তা জানতে বিশ্বস্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী, ১৪ দিন বিশেষ কোয়ারেন্টাইনে রাখা হয়।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।