দল শক্তিশালী থাকলে আমাদের পালিয়ে যেতে হবে না: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i77594-দল_শক্তিশালী_থাকলে_আমাদের_পালিয়ে_যেতে_হবে_না_ওবায়দুল_কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের সাংগঠনিক দুর্বলতা অনেক। সিটি করপোরেশনের নির্বাচনে সাংগঠনিক দুর্বলতা ভোটারদের উপস্থিতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ১৫:১৩ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের সাংগঠনিক দুর্বলতা অনেক। সিটি করপোরেশনের নির্বাচনে সাংগঠনিক দুর্বলতা ভোটারদের উপস্থিতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

আজ (বুধবার) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের সকল সংগঠনের জেলা সভাপতি, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যদের বিশেষ যৌথ সভায় এমন আভিমত ব্যক্ত করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

এসময় তিনি অতীতের বিভিন্ন বিপর্যয়কর ঘটনার উল্লেখ করে বলেন, সাংগঠনিক দুর্বলতার সুযোগে এরকম ঘটনা আবারও ঘটাবার ষড়যন্ত্র চলছে। তবে দল শক্তিশালী থাকলে আমাদের পালিয়ে যেতে হবে না।

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে দেশে-বিদেশে আমাদের বন্ধুরাষ্ট্র, পর্যবেক্ষক মহলে অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়েছে। তারা পারেনি। সামনে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। ঢাকা মহানগরেও একটা নির্বাচন আছে। ঢাকা-১০ আসন নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে।

সভার শুরুতে খালেদা জিয়ার প্যারোল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে নিয়ে অনেক কথা হয়েছে, এই প্রশ্নটি করবেন না। তিনি আদালতে আছেন, আদালতই ঠিক করবে। এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা দুর্নীতির মামলা। দুর্নীতির মামলা যেটা হবার সেটাই হবে। আদালত যেটা সিদ্ধান্ত নেয়ার নেবে, এটা আওয়ামী লীগের হাতে নেই, শেখ হাসিনার হাতে নেই। আমাদের কারো কাছে নেই, আমাদের এখতিয়ারে নেই। কাজেই এই প্রশ্নটা করে বারবার বিব্রত করবেন না। এই প্রশ্নের জবাব দেবো না।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।