খালেদা জিয়ার জামিনের এখতিয়ার আদালতের: তথ্যমন্ত্রী
-
হাছান মাহমুদ
দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের বিষয় আদালতের এখতিয়ার বলে আবারও জানালেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
আজ (রোববার) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, তার জামিনের বিষয়ে সরকারের কিছু করার নেই। এটা আদালতের এখতিয়ার। তারা নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে আপিল করেছিলো, আদালত সাজা বাড়িয়ে ১০ বছর করেছে। এখন তাকে জামিন দেবে কিনা, সেটাও আদালতেরই বিষয়।
দুর্নীতি বিষয়টিকে রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা করছে বিএনপি, এমন অভিযোগ করে তিনি বলেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত। বিষয়টিকে তারা রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা করছে। তারা বলার চেষ্টা করছে, তাকে আটকে রাখা হয়েছে। এখানেই বিএনপি ভুলটা করছে।
বিএনপি জনগণ নয়, ব্যক্তিস্বার্থে কাজ করছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের বক্তব্য শুনলে মনে হয়, দলটি জনগণের নয়। তাদের স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করে না। তারা কাজ করে খালেদা জিয়া আর তারেক রহমানের স্বার্থরক্ষায়।
বঙ্গবন্ধুর তুলনা শুধু তিনি নিজেই: তোফায়েল
এদিকে, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর তুলনা শুধু তিনি নিজেই; অন্য কেউ নয়। তার মতো বিচক্ষণ নেতা শুধু দেশে নয় বিশ্বে বিরল। তিনি একাধারে সমাজ, দেশ, বাঙালি ও বিশ্বের বন্ধু ছিলেন। সমুদ্রের গভীরতা মাপা যাবে, কিন্তু জনতার জন্য বঙ্গবন্ধুর ভালোবাসা মাপা যাবে না।
আজ (রোববার) জাতীয় প্রেস ক্লাবে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সাবেক এ বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছিলেন আপোষহীন নেতা। এ কারণে বার বার তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। আবার তিনি যখন কথা বলতেন, তখন ভেবে চিন্তে বলতেন, সতর্ক থাকতেন। যা বলতেন তার ওপর অটল থেকেছেন। তার মতো বিচক্ষণ নেতা বিশ্ব বিরল। তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, দলকে সংগঠিত করেছেন। এরপর জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।