দুদক প্রভাবশালী দুর্নীতিবাজদের না ধরে: টিআইবির অভিযোগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i77745-দুদক_প্রভাবশালী_দুর্নীতিবাজদের_না_ধরে_টিআইবির_অভিযোগ
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি অভিযোগ করেছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) বিরোধীদলের রাজনীতিকদের হয়রানি এবং ক্ষমতাসীন দল বা জোটের প্রতি নমনীয়তা প্রদর্শন করছে। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ১৪:৪৬ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন টিআইবি\'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান
    বক্তব্য রাখছেন টিআইবি\'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি অভিযোগ করেছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) বিরোধীদলের রাজনীতিকদের হয়রানি এবং ক্ষমতাসীন দল বা জোটের প্রতি নমনীয়তা প্রদর্শন করছে। 

আজ (মঙ্গলবার) 'বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের ওপর একটি ফলো-আপ গবেষণা' শীর্ষক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে টিআইবি বলেছে,  ক্ষমতার ব্যবহারের কারণে দুদকের স্বাধীনতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। 

টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রভাবশালী দুর্নীতিবাজদের না ধরে, ছোটখাটো দুর্নীতি নিয়েই দুদকের কার্যক্রম চলে। আর বড় ধরনের দুর্নীতির ক্ষেত্রে দুদকের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সেক্ষেত্রে দীর্ঘসূত্রীতার পরিচয় দেখা যায়। প্রভাবশালীদের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ পর্যন্তই সীমাবদ্ধ, এরপর তাদের আর কোনো কার্যক্রম দেখা যায় না।

দুদকের ক্ষমতা রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় জানিয়ে ইফতেখার বলেন, বিরোধীদলের রাজনীতিকদের হয়রানি করা এবং ক্ষমতাসীন দলের রাজনীতিকদের প্রতি নমনীয়তা দেখায় দুদক। মোটকথা রাজনৈতিকভাবে দুদক প্রভাবিত হয় এবং নিজেকে প্রভাবিত করে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুদকের ওপর এসব নিয়ে চাপ সৃষ্টি হয়।

তবে, এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টিআইবির রিপোর্টকে 'ঔদ্ধত্যপূর্ণ' বলে মন্তব্য করেছেন, দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

টিআইবি তাদের গবেষণা প্রতিবেদনে সরকারি-বেসরকারি খাতে দুদকের কর্মপরিধি আরও বাড়ানোর সুপারিশ করেছে। সেইসাথে দুদকের নিজস্ব কর্মীদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানকে দিয়ে করা উচিত বলেও মনে করে টিআইবি।#

পার্সটুডে/আবদুর রহমান খান/ আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।