আমরা নিজের ঘরের অপরাধীকেও ক্ষমা করছি না: পাপিয়া প্রসঙ্গে কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i77769-আমরা_নিজের_ঘরের_অপরাধীকেও_ক্ষমা_করছি_না_পাপিয়া_প্রসঙ্গে_কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “অতীতে বাংলাদেশে কোনো সরকার, কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নিজের দলের অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। অপরাধীরা অপরাধ করে পার পেয়ে গেছে। তাদের অপরাধের কোনো বিচার হয়নি। কিন্তু শেখ হাসিনা নিজের দল থেকেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন।”
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২০ ১৪:০৭ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “অতীতে বাংলাদেশে কোনো সরকার, কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নিজের দলের অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। অপরাধীরা অপরাধ করে পার পেয়ে গেছে। তাদের অপরাধের কোনো বিচার হয়নি। কিন্তু শেখ হাসিনা নিজের দল থেকেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন।”

আজ (বুধবার) জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির ওবয়দুল কাদের সতর্ক করে দিয়ে বলেছেন, “কেউ অপরাধ করলে, সে পার পাবে না। অপরাধকারীদের আওয়ামী লীগে স্থান হবে না। তার অপরাধের বিচার হবে; পার পাবে না। অপরাধীর কোনো ক্ষমা নেই। এরই ধারাবাহিকতায় পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই যুব মহিলা লীগের নেত্রী পাপিয়া গ্রেফতার হয়েছেন। আমরা নিজের ঘরের অপরাধীকেও ক্ষমা করছি না।”

এসময় বিডিআর হত্যাকাণ্ডের বিচার সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “পিলখানা হত্যাকাণ্ডের বিচার সারা দুনিয়ায় এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এত দ্রুত বিচার দুনিয়ার ইতিহাসে কোথাও হয়নি। মির্জা ফখরুল সাহেব বলেছেন, তারা ক্ষমতায় এলে নতুন করে বিচার করবেন। ফখরুল সাহেব নতুন করে বিচার করতে গেলে কেঁচো খুঁজতে সাপ বেরিয়ে যাবে। পিলখানা হত্যাকাণ্ডের দিন খালেদা জিয়া সকাল ৭টায় বাসা থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলেন কোনো হদিস নেই। যিনি দুপুর ১২টার আগে ঘুম থেকে উঠেন না, তিনি এত সকালে কোথায় গেলেন। ভোর ৫টা থেকে তারেক রহমানের সঙ্গে ১১ বার ফোনে কথা হয়েছিল। কি কথা হয়েছিল, এসব বেরিয়ে আসবে নতুন করে বিচার করতে গেলে।”

অনুষ্ঠানে ওবায়দুল কাদের শিশু-কিশোরদের বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবার থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “তোমাদের বিশ্বের কোনো বরেণ্য ব্যক্তির আদর্শ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই। তোমাদের সামনে বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে। বঙ্গবন্ধুর মতো এত সৎ, সাহসী নেতা আর বাংলাদেশে জন্মগ্রহণ করেননি। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বিশ্বের তিনজন সৎ, পরিশ্রমী প্রধানমন্ত্রীর মধ্যে একজন। বঙ্গবন্ধু পরিবারের প্রতিনিধি সদস্য শিক্ষিত, মেধাবী। তাই তোমাদের বঙ্গবন্ধু পরিবারের আদর্শ থেকে শিক্ষা নিতে হবে।”

সভায় আরো উপ‌স্থিত ছি‌লেন, তথ্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি প্রতিমন্ত্রী জ‌ুনাইদ আহমেদ পলক এবং  শেখ রা‌সেল জাতীয় শিশু-কিশোর প‌রিষদের মহাস‌চিব মাহমুদ উস সামাদ চৌধু‌রী।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।