করোনাভাইরাস: বাংলাদেশে ৪ দেশের নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত
-
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশের বিমানবন্দরে ইরান, ইতালি, জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা আপাতত স্থগিত রাখা হয়েছে। ফলে এসব দেশ থেকে কেউ আসতে চাইলে তাদের আগেই নিয়মমাফিক ভিসার আবেদন করতে হবে।
আজ (বুধবার) বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের এ তথ্য জানান।
এসময় তিনি জানান, ইতালিতে বাংলাদেশি এক নাগরিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে তিন দেশে মোট সাতজন বাংলাদেশির এ ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেল। যাদের মধ্যে দুইজন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
অধ্যাপক ফ্লোরা বলেন, ‘এটা আমাদের জন্য একটি দুঃসংবাদ যে, ইতালিতে একজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি অসুস্থ, তবে গুরুতর নয়। তাকে বাসায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।’
এর আগে সিঙ্গাপুরে পাঁচ প্রবাসী বাংলাদেশি এবং সংযুক্ত আরব আমিরাতে একজন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে সিঙ্গাপুরে চিকিৎসা নেয়া দুজন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন বলে গত শনিবার আইইডিসিআর থেকে জানানো হয়।
তাছাড়া, চীনে অবস্থানরত বাংলাদেশি বা বাংলাদেশে কারও মধ্যে এ পর্যন্ত নতুন করোনাভাইরাসের সংক্রমণের তথ্য পাওয়া যায়নি।
তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এমন কোনো দেশে আপাতত জরুরি প্রয়োজন ছাড়া না যেতে এবং সেসব দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশে না আসার পরামর্শ দিয়েছেন জানান অধ্যাপক মীরজাদী ফ্লোরা।

করোনাভাইরাসে উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: চীনা রাষ্ট্রদূত
এদিকে, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আজ বলেছেন, করোনাভাইরাস ছড়ানোর ক্ষেত্রে উচ্চ ঝুঁকিতে আছে বাংলাদেশ। তাই এখনই তা মোকাবিলায় প্রস্তুতি নেওয়া উচিত।
লি জিমিং বলেন, করোনাভাইরাস যেহেতু বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে সেহেতু বাংলাদেশ উচ্চ ঝুঁকির মুখে আছে।
আজ সকালে কেরানিগঞ্জে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত। পদ্মা সেতুর কন্ট্রাক্টর প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড (সিআরইসি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
চীনা রাষ্ট্রদূত বলেন, ‘ভাইরাসটি ইতোমধ্যে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। এটি মধ্যপ্রাচ্যেও ছড়িয়েছে, যেখানে (বাংলাদেশের) অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ফলে করোনাভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাব ঠেকাতে এখনই বাংলাদেশের প্রস্তুতি নেওয়া উচিত।’
অনুষ্ঠানে জানানো হয়, করোনাভাইরাসের কারণে পদ্মা সেতুর কাজে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে সে প্রভাব কাটাতে ছুটির দিনগুলোতে কাজ করে তা পুষিয়ে নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।
বাংলাদেশসহ ২৫ দেশ উচ্চ ঝুঁকিতে: মার্কিন দূতাবাস
ওদিকে, বাংলাদেশ করোনা ভাইরাস নিয়ে উচ্চঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশসহ মোট ২৫টি দেশ ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এসব দেশের জন্য ৩ কোটি ৭০ লাখ ডলারের জরুরি তহবিলের অঙ্গীকার প্রকাশ করা হয়েছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।