রূঢ় ব্যবহার করায় জজকে স্ট্যান্ড রিলিজ- আইনমন্ত্রী: আউয়াল দুষলেন প্রাণিসম্পদ মন্ত্রীকে
https://parstoday.ir/bn/news/bangladesh-i77988-রূঢ়_ব্যবহার_করায়_জজকে_স্ট্যান্ড_রিলিজ_আইনমন্ত্রী_আউয়াল_দুষলেন_প্রাণিসম্পদ_মন্ত্রীকে
বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়ালের জামিনের সময় জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান অত্যন্ত অশালীন ও রূঢ় ব্যবহার করায় তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৪, ২০২০ ১৬:০৩ Asia/Dhaka
  • আনিসুল হক
    আনিসুল হক

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়ালের জামিনের সময় জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান অত্যন্ত অশালীন ও রূঢ় ব্যবহার করায় তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

আজ (বুধবার) সচিবালয়ে নিজ দপ্তরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এ কথা বলেন। আনিসুল হক বলেন, পিরোজপুর জেলা জজের কাছে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও তার স্ত্রী দুর্নীতির মামলার জন্য জামিন চাইতে গিয়েছিলেন। জামিন চাওয়ার সময় তার আইনজীবী এমনকি অন্য সব আইনজীবীর সঙ্গে অত্যন্ত অশালীন এবং রূঢ় ব্যবহার করেন জেলা ও দায়রা জজ। আমরা গতকাল থেকে এই তথ্য সংগ্রহ করেছি।

আইনমন্ত্রী বলেন, সেই অদ্ভুত পরিস্থিতিতে এমন একটা অবস্থা দাঁড়ায়, যেখানে বারের সবাই আদালত বর্জন করার সিদ্ধান্ত নেয়। এমনকি রাস্তায় গণ্ডগোল চলছিল। রাস্তায় লোকজন বেরিয়ে গিয়েছিল। সেটাকে কন্ট্রোল করার জন্য তাকে সেখান থেকে স্ট্যান্ড রিলিজ করে আদেশ দেওয়া হয় আইন মন্ত্রণালয়ের প্রস্তাবে।

বক্তব্য রাখছেন এ কে এম এ আউয়াল

মন্ত্রীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ আউয়ালের

এদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিমের বিরুদ্ধে আদালতে প্রভাব খাটানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এ কে এম এ আউয়াল।

আজ দুপুর ১২টার দিকে জেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আউয়াল। জেলা আ’লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সাবেক এমপি আউয়াল অভিযোগ করেন, পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদক মন্ত্রী শ.ম রেজাউল করিমের প্রভাবে প্রভাবিত হয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে (আউয়াল) ও তার স্ত্রী জেলা মহিলা আ’লীগের সভাপতি লায়লা পারভীনের বিরুদ্ধে ৩টি মিথ্যা মামলা দায়ের করেছেন। আর ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নিলেও দুদক নজিরবিহীনভাবে (সাবেক এমপি আউয়ালের ভাষায়) ওই জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল বিভাগ লিভ-টু আপিল দায়ের করেন, যা শুনানিতে খারিজ হয়। 

তিনি আরো অভিযোগ করেন, মঙ্গলবার জেলা জজ আদালতে হাজির হলে আদালতের বিচারক মো. আব্দুল মান্নান  তার (মন্ত্রী) নির্দেশে জামিন আবেদন না মঞ্জুর করেন।এ সময় মন্ত্রী ও তার ভাইদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আউয়াল বলেন, তিনি গৃহয়ান ও গণপূর্তমন্ত্রী হওয়ার পর ক্যাসিনো সম্রাট জিকে শামীমকে উৎকোচের বিনিময় গণপূর্ত মন্ত্রণালয় থেকে সাড়ে ৫ হাজার কোটি টাকার কাজ  দেন। মন্ত্রীর বেকার ভাই শাহীন ও ব্যাংক কর্মকর্তা শামীম কখনোই ঠিকাদার ছিলেন না। এখন তারা ঢাকায় অফিস বসিয়ে কোটি কোটি টাকার ঠিকাদারি কাজ পরিচালনা করছেন।  

শ. ম. রেজাউল

আমি কখনো কোনো প্রভাব খাটাইনি: শ. ম. রেজাউল

তবে মন্ত্রী শ. ম. রেজাউল করিম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, তার (আউয়াল) আটক বা মামলার ব্যাপারে আমি কখনো কোনো প্রভাব খাটাইনি। দুদক তার নিজস্ব তদন্তে সাবেক এমপি আউয়ালের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন। এ ছাড়া আমার বিরুদ্ধে আনিত অন্য সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি (সাবেক এমপি আউয়াল) সুস্থ রাজনৈতিক পরিবেশকে অসুস্থ করতে এমন অভিযোগ করছেন।

মঙ্গলবার পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আব্দুল মান্নান। এর প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের দোকান-পাটসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ করে।

এরপর আইন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে স্ট্যান্ড রিলিজ এবং পিরোজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ নাহিদ নাছরিনকে ভারপ্রাপ্ত বিচারকের দায়িত্ব দেওয়া হয়। নাহিদ নাছরিন এ দায়িত্ব পাওয়ার পর আউয়ালের পক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন পুনরায় আউয়াল দম্পতির জামিন পুনর্বিবেচনার জন্য আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে ওইদিনই নিজের ক্ষমতাবলে আউয়াল দম্পতিকে জামিন দেন নাহিদ নাছরিন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।