করোনাভাইরাস নিয়ে বিএনপির অভিযোগ হাস্যকর: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i78237-করোনাভাইরাস_নিয়ে_বিএনপির_অভিযোগ_হাস্যকর_ওবায়দুল_কাদের
করোনাভাইরাস মোকাবেলায় সরকারের বিরুদ্ধে বিএনপির উদাসীনতার অভিযোগ হাস্যকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা মোকাবেলায় কোন কিছুরই ঘাটতি নেই। শুরু থেকেই এ নিয়ে সতর্ক ছিল সরকার। সংক্রমণ ঠেকাতে মুজিব বর্ষের অনুষ্ঠানও বন্ধ করে দেয়া হয়েছে। এর পরও আওয়ামী লীগ ও সরকার উদাসীন বলা হাস্যকর।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ১৩, ২০২০ ১২:৪৮ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের
    সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের

করোনাভাইরাস মোকাবেলায় সরকারের বিরুদ্ধে বিএনপির উদাসীনতার অভিযোগ হাস্যকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা মোকাবেলায় কোন কিছুরই ঘাটতি নেই। শুরু থেকেই এ নিয়ে সতর্ক ছিল সরকার। সংক্রমণ ঠেকাতে মুজিব বর্ষের অনুষ্ঠানও বন্ধ করে দেয়া হয়েছে। এর পরও আওয়ামী লীগ ও সরকার উদাসীন বলা হাস্যকর।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এরপর নেতাকর্মীদের নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, আমেরিকা, ইউরোপসহ বিশ্বের সোয়াশ’রও বেশি দেশে মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ রোগে আক্রান্ত হয়েছেন বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধানও। বিশ্বব্যাপী যখন এ রোগ মহামারি আকার ধারণ করেছে। তখন করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচেতনতার জন্য নিজেই একজন ক্যাম্পেইনার হিসেবে কাজ করছেন।

করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক লিফলেট বিলি করছেন ওবায়দুল কাদের

সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, বিএনপি লুটপাট আর ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে। তারা মুজিববর্ষ বাতিল করতে চেয়েছিল। এখন করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে সমালোচনা করছে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকে তার বক্তৃতায় দেশবাসীকে সচেতন করছেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ও সার্বিক প্রস্তুতি নিয়েছে। বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে পরীক্ষা-নিরীক্ষা জোরদার করা হয়েছে।

ওবায়দুল কাদের জানান, করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে সতর্কতামূলক লিফলেট বিলি করছে আওয়ামী লীগ। করোনা ভাইরাস একটি বৈশ্বিক সংকট। এ পরিস্থিতিতে দেশবাসীকে ভয় না পেয়ে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি এবং দলের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, তাঁতী লীগ, যুব মহিলা লীগ ও কৃষক লীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকদের কাছে করোনা ভাইরাস মোকাবিলায় দলের সচেতনতামূলক লিফলেট জনগণের মাঝে বিতরণের জন্য হস্তান্তর করেন তিনি।#

পার্সটুডেশামস মণ্ডল/ আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।