করোনা নিয়ে আওয়ামী লীগ নেতারা রাজনৈতিক বক্তব্যই বেশি দিচ্ছেন : মওদুদ
-
বক্তব্য রাখছেন ব্যারিস্টার মওদুদ আহমদ
করোনাভাইরাসের বিষয়ে বিএনপি মানুষকে সচেতন করলেও আওয়ামী লীগ নেতারা কাজের চেয়ে বেশি রাজনৈতিক বক্তৃতা করছেন। এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
আজ (শুক্রবার) সকালে রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় করোনা ভাইরাস নিয়ে সচেতনতামুলক লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়।
আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে মওদুদ আহমদ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের যথাযথ প্রস্তুতির ঘাটতি রয়েছে। এ বিষয়ে সরকারকে আরো কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এ সময়, করোনা সংক্রমণ ঠেকাতে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া প্রয়োজন বলেও জানান বিএনপির এ নেতা।
‘গণতন্ত্রকে বাংলাদেশে সুপরিকল্পিতভাবে হত্য করা হয়েছে’
এদিকে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, গণতন্ত্রকে বাংলাদেশে সুপরিকল্পিতভাবে হত্য করা হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন যে নেত্রী, তাকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি রাখা হয়েছে। কারণ তিনি মুক্ত হলে সরকার অগণতান্ত্রিক কাজগুলো করতে পারবে না।
আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের দ্বিবার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
গণমাধ্যমের কণ্ঠরোধে আওয়ামী লীগের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, যে দলটি ৭২ ও ৭৫ সালে ক্ষমতায় থাকাকালে সবগুলো পত্রিকা বন্ধ করে সরকারের নিয়ন্ত্রণে মাত্র চারটি পত্রিকা রেখেছিল। আজকেও সেই দলটি ক্ষমতায় এসে ভিন্নভাবে সংবাদপত্র নিয়ন্ত্রণ ও সাংবাদিকদের নির্যাতন করছে।
বিএনপি মহাসচিব বলেন, সংবাদমাধ্যম এখন চলে গেছে ব্যবসায়ীদের হাতে। যার কারণে সেল্ফ সেন্সরশিপ, চাটুকারিতার চিত্র দেখা যাচ্ছে, আবার উল্টো চিত্রও আছে। তবে, জনগণ সাংবাদিকদের কাছ থেকে যা আশা করে, সাংবাদিকরা সব সময় তা করতে পারছে না। এর কারণ ফ্যাসিবাদ কর্তৃত্ববাদী সরকার।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৩