‘বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্রকারীরা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ণ হয়ে যাবে’
-
ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্র করেছে, তারা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ণ হয়ে যাবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ (মঙ্গলবার) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। আরও এগিয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এসে আমরা নতুন করে নতুন উদ্যমে কাজ শুরু করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা কায়েম করবই।
দেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
কয়েকজন বিশ্বাসঘাতক বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে কুণ্ঠাবোধ করছে: নাসিম
এদিকে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে যারা শ্রদ্ধা জানাচ্ছেন না তাদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করেছেন।
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন জোটটির নেতারা। কেন্দ্রীয় ১৪ দল এই কর্মসূচির আয়োজন করে।
১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘‘আজকে সারা বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে জন্মশতবার্ষিকী পালন করছে। অথচ কয়েকজন বিশ্বাসঘাতক বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে কুণ্ঠাবোধ করছে। তারা বঙ্গবন্ধুকে ছোট করতে গিয়ে নিজেরাই ছোট হয়ে যাচ্ছে। আমি আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হোক। তারাও বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসবে।’
সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘ইতিহাসকে কেউ নির্বাসনে পাঠাতে পারে না। যারা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যা করে নির্বাসনে পাঠাতে চেয়েছিল, তারাই ইতিহাসের জঞ্জালে পরিণত হয়েছে।’#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬