ঢাকা-১০ আসনে ভোট পড়েছে ৫ শতাংশ, এমপি হলেন নৌকার মহিউদ্দিন
https://parstoday.ir/bn/news/bangladesh-i78465-ঢাকা_১০_আসনে_ভোট_পড়েছে_৫_শতাংশ_এমপি_হলেন_নৌকার_মহিউদ্দিন
করোনাভাইরাস আতঙ্কের মধ্যে অনুষ্ঠিত হওয়া ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১৫ হাজার ৯৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম (ধানের শীষ) পেয়েছেন ৮৯৭ ভোট।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ২১, ২০২০ ২০:৪৪ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন মো. শফিউল ইসলাম মহিউদ্দিন
    বক্তব্য রাখছেন মো. শফিউল ইসলাম মহিউদ্দিন

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে অনুষ্ঠিত হওয়া ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১৫ হাজার ৯৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম (ধানের শীষ) পেয়েছেন ৮৯৭ ভোট।

আজ (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিন।

তিনি বলেন, ‘ঢাকা-১০ আসনের মোট ১১৭ ভোটকেন্দ্রের সব ফলাফল পাওয়া গেছে। ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী নৌকা মার্কায় ১৫ হাজার ৯৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম ধানের শীষ মার্কায় পেয়েছেন ৮৯৭ ভোট। নির্বাচনে মাত্র ৫ দশমিক ২৮ ভাগ ভোট পড়েছে।’

বাকি প্রার্থীদের মধ্যে জাতীয় পাটির (জাপা) হাজি মো. শাহজাহান (লাঙ্গল) পেয়েছেন ৯৭ ভোট, বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট মো. মিজানুর রহমান (ডাব) পেয়েছেন ১৮ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী (হারিকেন) পেয়েছেন ১৫ ভোট ও পিডিপির প্রেসিডিয়াম সদস্য কাজী আব্দুর রহিম (বাঘ) পেয়েছেন ৬৩ ভোট।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী হতে ঢাকা-১০ আসন থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গত ১ ফেব্রুয়ারি মেয়র নির্বাচনে তিনি মেয়র পদে বিজয়ী হন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২১