বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪১৮ জন, শিশুসহ মৃত্যু ৫
বাংলাদেশে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৪৫ জনের মৃত্যু হলো। এ ছাড়া, নতুন করে আরো ৪১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট পাঁচ হাজার ৪১৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ (রোববার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি আরও জানান, মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন, যাদের মধ্যে ৪ জনই রাজধানীর ভেতরের, একজনের বাড়ি দোহারে। গত ২৪ ঘণ্টায় ১০ বছরের নিচে একটি শিশুরও মৃত্যু হয়েছে। তার কিডনিজনিত কিছু সমস্যা ছিল। এরই মধ্যে তার করোনা পজিটিভ আসে। এছাড়া ষাটোর্ধ্ব একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আরও তিনজন মারা গেছেন বলেও জানান তিনি।
ডা. নাসিমা সুলতানা জানান, 'গত ২৪ ঘণ্টায় ৯ জন সুস্থ হয়েছেন। ফলে এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২২ জন। যারা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন এই ৯ জন তাদের মধ্যে সুস্থ। আমাদের বেশির ভাগ আক্রান্ত ব্যক্তি বাড়িতে থেকে চিকিৎসা নেন এবং তারা সুস্থ হয়ে যান। সেই তথ্যটা এখানে আমরা দেই না। যারা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় যান তাদের তথ্যটাই দেই।’
তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩ হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৫৮৯টি।
এর আগে শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৩০৯ জন, মৃত্যু হয় ৯ জনের। তার আগের দিন শুক্রবার শনাক্ত হয় ৫০৩ জন, মারা যায় ৪ জন। তার আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয় ৪১৪ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।
করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।#
পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।