রমজানে বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i79383-রমজানে_বাজার_অস্থিতিশীলকারীদের_বিরুদ্ধে_কঠোর_ব্যবস্থা_কাদের
রমজানে বাজার অস্থিতিশীলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ২৬, ২০২০ ১৪:৪৩ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

রমজানে বাজার অস্থিতিশীলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (রোববার) দুপুরে সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “রমজানে এক শ্রেণির মুনাফাখোর, মজুতদার এবং অসৎ ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করার দূরভিসন্ধিতে লিপ্ত। সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”

এ সময় করোনাভাইরাস সংকটে বিএনপির ভূমিকার সমালোচনাও করেন তিনি।

“আমরা লক্ষ্য করেছি করোনাভাইরাস নিয়ে পুরানা নালিশের রাজনীতি শুরু হয়েছে, এটা কোনো রাজনৈতিক সংকট নয়, এটা করোনা সংকট।

তিনি বলেন, “সংকট মোকাবিলায় শুরু থেকেই দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা চেয়েছিলাম। বিএনপি শুরুতে ছিল শীতনিদ্রায়, হঠাৎ জেগে আবিষ্কার করল সরকার ‘একলা চলো’ নীতিতে আছে। আমি মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই এই সংকটের মধ্যে মানুষের জন্য আপনারা কি করেছেন? করোনাভাইরাসের বিরুদ্ধে কি করেছেন?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “সরকার সকলকে নিয়ে কাজ করছে। সরকার ইতোমধ্যে কেন্দ্র থেকে মাঠ পর্যায় পর্যন্ত সু-সমন্বয় গড়ে তুলেছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই সংকট মোকাবিলায় সফল হবে ইনশাআল্লাহ।”

বিএনপি মাহাসচিবের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, “ফখরুল সাহেব সরকারের সমালোচনা করতে গিয়ে তথ্যপ্রমাণ ছাড়া চিরাচরিত ভঙ্গিতে মিথ্যাচার করে চলেছেন। এখন বলছেন সরকার নাকি তথ্য গোপন করছেন, আমি বলতে চাই, কি তথ্য গোপন করেছে তা তো আপনি বললেন না? অভিযোগ করার আগে নির্ভুল তথ্য আপনার হাজির করা উচিৎ ছিল।

“স্বচ্ছতা, জবাবদিহিতার সঙ্গে জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন, এটাই আপনাদের গাত্রদাহের কারণ। সরকার করোনাভাইরাস সংকট মোকাবিলায় জনগণকে সাথে নিয়ে দিন দিন অধিকতর সক্ষমতা অর্জন করছে। এটা আপনাদের মনোকষ্টের কারণ। করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ। এখানে তথ্য লুকোচুরির কোনো সুযোগ নেই। আপনারা করোনা নিয়েও পুরোনো নালিশের রাজনীতি শুরু করেছেন।”

তিনি গুজবনির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।