বাংলাদেশে একদিনে সর্বাধিক ৬৪১ করোনা রোগী শনাক্ত, মৃত আরও ৮
https://parstoday.ir/bn/news/bangladesh-i79446-বাংলাদেশে_একদিনে_সর্বাধিক_৬৪১_করোনা_রোগী_শনাক্ত_মৃত_আরও_৮
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৬৩ জন। এছাড়া, নতুন করে শনাক্ত হয়েছেন ৬৪১ জন যা একদিনে সর্বোচ্চ। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১০৩ জনে।  এছাড়া সুস্থ হয়েছেন আরও ১১। ফলে মোট সুস্থ হয়েছেন ১৫০ জন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ২৯, ২০২০ ১০:১৯ Asia/Dhaka
  • বাংলাদেশে একদিনে সর্বাধিক ৬৪১ করোনা রোগী শনাক্ত, মৃত আরও ৮

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৬৩ জন। এছাড়া, নতুন করে শনাক্ত হয়েছেন ৬৪১ জন যা একদিনে সর্বোচ্চ। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১০৩ জনে।  এছাড়া সুস্থ হয়েছেন আরও ১১। ফলে মোট সুস্থ হয়েছেন ১৫০ জন।

আজ (বুধবার) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৮ জনের মধ্যে ৬ জন ঢাকার। অন্য দুজন ঢাকার বাইরের। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন পুরুষ, দুজন নারী রয়েছেন। এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৩৭ জন ঢাকা বিভাগের বলে তিনি জানান। 

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৪৯৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আরও ৬৪১ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১০৩ জনে।

ডা. নাসিমা সুলতানা

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে করোনার বিস্তার রোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়। 

প্রথম সংবাদিকের মৃত্যু

কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে প্রথম কোনো সাংবাদিকের মৃত্যু হলো। গতকাল (মঙ্গলবার) রাতে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেকের মধ্যে মারা যান দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন। আজ (বুধবার) ভোরে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ বলে নিশ্চিত হয়েছে আইইডিসিআর।

তীব্র শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাংবাদিক হুমায়ুন কবীর খোকন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। পরে গতকাল মঙ্গলবার রাত ১০টার কিছু পর কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক খোকনকে মৃত ঘোষণা করেন।

হুমায়ুন কবির খোকনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদ নগরে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন।

করোনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলেমেয়েকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারিক শিবলী। তিনি বলেন, ‘আমাদের ডাক্তাররা সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন।’

হুমায়ুন কবীর খোকন

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। পরে এ ছুটির মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। করোনার সংক্রমণ ঠেকাতে চতুর্থবারের মতো ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দেশবাসীকে নিজ বাড়িতে থাকার আহ্বান জানানো হয়। পরে সেটাও বাড়ানো হয় ৫ মে পর্যন্ত।

ছুটির সময়ে অফিস-আদালত থেকে গণপরিবহন, সব বন্ধ করে দেয়া হয়েছে। তবে কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা এই বন্ধের বাইরে থাকছে। #

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।