বাংলাদেশে করোনায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৬৪, নমুনা পরীক্ষা ৪,৯৬৫
https://parstoday.ir/bn/news/bangladesh-i79474-বাংলাদেশে_করোনায়_৫_জনের_মৃত্যু_আক্রান্ত_৫৬৪_নমুনা_পরীক্ষা_৪_৯৬৫
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এক সাংবাদিক ও এক পুলিশসহ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে। এছাড়া, নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬৭ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন।ফলে এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬০ জন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ৩০, ২০২০ ১০:৪০ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৬৪, নমুনা পরীক্ষা ৪,৯৬৫

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এক সাংবাদিক ও এক পুলিশসহ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে। এছাড়া, নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬৭ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন।ফলে এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬০ জন।

আজ (বৃহস্পতিবার) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ডা. নাসিমা সুলতানা বলেন, নতুন করে যে ৫ জন মারা গেছেন তারা তিনজন পুরুষ এবং দু’জন মহিলা। এদের মধ্যে একজন সাংবাদিক ও একজন পুলিশ সদস্য রয়েছেন।  বয়সের দিক থেকে দু’জন ষাটোর্ধ্ব, তিনজন চল্লিশ ও পঞ্চাশোর্ধ্ব।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৯৬৫টি।

ডা. নাসিমা সুলতানা

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বর্তমানে সারা দেশে ২৯টি ল্যাবে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে নতুন করে কুমিল্লা মেডিকেল কলেজ, সেন্ট্রাল পুলিশ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল (অ্যাপোলো হাসপাতাল)-এর পরীক্ষা আজকের সংখ্যার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। আরও অনেক বেসরকারি হাসপাতাল কোভিড-১৯ পরীক্ষার জন্য আবেদন করেছে। তারা শর্ত পূরণ করলে অনুমোদন দেওয়া হবে বলে জানান তিনি। 

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘আমাদের দেশে বর্তমানে এক লাখের বেশি কিট মজুদ আছে। এ ছাড়া নতুন কিট আনা হচ্ছে।'

আরও পড়ুন: বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন আরও দুই পুলিশ সদস্য

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। পরে এ ছুটির মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। করোনার সংক্রমণ ঠেকাতে চতুর্থবারের মতো ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দেশবাসীকে নিজ বাড়িতে থাকার আহ্বান জানানো হয়। পরে সেটাও বাড়ানো হয় ৫ মে পর্যন্ত।

ছুটির সময়ে অফিস-আদালত থেকে গণপরিবহন, সব বন্ধ করে দেয়া হয়েছে। তবে কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা এই বন্ধের বাইরে থাকছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।