বাংলাদেশে করোনায় মৃত্যু কমেছে, একদিনে সর্বোচ্চ ৭৮৬ জন শনাক্ত
-
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
বাংলাদেশে দেশে করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা বেড়েছে এবং মৃত্যু কমেছে। আজ দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন। কিন্তু নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭৮৬ জন। এটি একদিনে সর্বোচ্চ শনাক্ত রোগীর সংখ্যা। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ১৮৩ জন। মোট শনাক্তের সংখ্যা ১০ হাজার ৯২৯।
আজ (মঙ্গলবার) দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৬ হাজার ১৮২টি। নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৭১১টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৭৮৬ জন। ৩৩টি ল্যাব থেকে এসব ফলাফল এসেছে।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৯৩ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ১ হাজার ৪০২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে বাসায় থেকে চিকিৎসা নেওয়া রোগীদের সুস্থ হওয়ার তথ্য জানা যায়নি। যদিও প্রায় ৭৯ শতাংশ রোগী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১২৮ জনকে। এখন পর্যন্ত মোট আইসোলেশনের সংখ্যা ১ হাজার ৬৯৪ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭০ জন, সব মিলিয়ে ছাড় পেয়েছেন এক হাজার ২৪৩ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে ২ হাজার ৪৭৭ জনকে। এখন পর্যন্ত ১ লাখ ৯৭ হাজার ৮১১ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৩ হাজার ২৮৮ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৬৮৯ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৪১ হাজার ১২২ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।