মৃত্যুর সংখ্যা জানা যাবে বিকেলে
বাংলাদেশে ২৪ ঘণ্টায় ৭০৬ করোনা রোগী শনাক্ত, সুস্থ ১৩০
-
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
বাংলাদেশে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১২ হাজার ৪২৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর বিষয়টি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৮৬৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে পরীক্ষা করা হয়েছে ছয় হাজার ৩৮২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ পাঁচ হাজার ৫১৩টি।
ডা. নাসিমা আরো বলেন, ডা. নাসিমা সুলতানা জানান: নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৭০৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪২৫ জনে। সুস্থ হয়েছেন ১৩০ জন। সর্বমোট সুস্থ হয়েছেন এক হাজার ৯১০।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কতজনের মৃত্যু হয়েছে, সে তথ্য এখনও আমাদের হাতে আসেনি। বিকেলে মৃত্যুর সংখ্যা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
নাসিমা আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র করোনা পরীক্ষা কার্যক্রম শুরু করেছে। এ নিয়ে দেশে মোট ৩৪টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।
তিনি বলেন, শেষ ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১০৪ জন। মোট আইসোলেশনে আছেন এক হাজার ৭৭১ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৩৩১ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে এসেছেন দুই লাখ চার হাজার ৩১ জন।
করোনায় আক্রান্ত হয়ে ফারইস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি'র মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. নাজমুল করিম চৌধুরী।
বিশ্বিদ্যালয়ের ওয়েবসাইটেও এ তথ্য প্রকাশ করে বলা হয়েছে, আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় নাজমুল করিম চৌধুরী মারা যান।
পরিস্থির আরো অবনতি আশংকা
করোনা সংক্রমণ পরিস্থিতির আরো অবনতি আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সকালে তার সরকারি বাসভবন থেকে এক ব্রিফিংয়ে সেতুমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মহামারি করোনাভাইরাস পরিস্থিতি আগামীতে আরও কঠিন হতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় দলের সব নেতাকর্মীদের মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের পাশে আছে আওয়ামী লীগ। এই দুর্যোগে প্রধানমন্ত্রী দেশ ও জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে।
সেতুমন্ত্রী বলেন, দলের সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মী ও সংসদ সদস্যগণ আওয়ামী লীগের পক্ষে সারা দেশে ৯০ লাখ ২৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং নগদ ৮ কোটি ৬২ লাখ অর্থ সহায়তা প্রদান করেছে। এসব কর্মসূচি তৃণমূল পর্যন্ত অব্যাহত থাকবে।
এর আগে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগনের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।