করোনাভাইরাস: বাংলাদেশে ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৩০
https://parstoday.ir/bn/news/bangladesh-i79927-করোনাভাইরাস_বাংলাদেশে_২৪_ঘণ্টায়_১৬_জনের_মৃত্যু_নতুন_আক্রান্ত_৯৩০
বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ১৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১৪ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৯৩০ জন। ফলে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৫ জন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ১৬, ২০২০ ১০:৫৫ Asia/Dhaka
  • অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
    অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ১৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১৪ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৯৩০ জন। ফলে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৫ জন।

আজ (শনিবার) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ছয় হাজার ৫০১টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে ছয় হাজার ৭৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৬৭ হাজার ২৯৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৯৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৬ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩১৪ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৩৫ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ১১৭ জন।

ডা. নাসিমা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। তারপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও।

ভাইরাসের বিস্তার রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি আরও নানা পদক্ষেপ নিয়েছে। যদিও এরই মধ্যে পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার শর্তে ১০ মে থেকে সবার জন্য খুলে দেয়া হয়েছে মসজিদও, মার্কট ও শপিংমল।

ত্রাণ বিতরণে পুলিশ

আরও ২৪১ পুলিশ আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪১ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এটিই পুলিশ বাহিনীতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। সবমিলিয়ে, পুলিশ বাহিনীতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৮২ জনে।

এ সংখ্যা শনিবার (১৬ মে) সকাল পর্যন্ত ঢাকাসহ সারা দেশের সকল পুলিশ ইউনিটের। এর আগে, মে মাসের ১১ তারিখে একদিনে সর্বোচ্চ ২০৭ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছিলেন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।

পুলিশ সদর দপ্তর পরিবেশিত খবরে জানা গেছে, করোনা ভাইরাসমুক্ত হয়ে ৩৬১ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন সাতজন।

এদিকে করোনা আক্রান্ত পুলিশ কর্মকর্তাদের দেখভালে উচ্চপদস্থ পরিদর্শন টিম গঠন করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। তারা নিয়মিত পুলিশ সদস্যদের খোঁজখবর রাখছেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।