চট্টগ্রামে জাকাতের টাকা বিতরণ নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ২
-
নাসেরের মরদেহ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জাকাতের টাকা বিতরণ নিয়ে সংঘর্ষে নাসের (৪০) নামে একজন গুলিতে নিহত হয়েছেন। তার বাবা আলী মদনও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
গতকাল (শুক্রবার) দিবাগত মধ্যরাতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে খলিল তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শওকত ও জসিম নামে দুই জনকে আটক করা হয়েছে।
বোয়ালখালী থানার পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে নিজ গ্রামে জাকাতের টাকা বিতরণ করছিলেন এক ধনাঢ্য ব্যক্তি। নিহত নাসেরের ছোট ভাই লোকমান ও গ্রেপ্তার হওয়া জসিমও জাকাত প্রদানকারীর সঙ্গে উপস্থিত ছিলেন। সেখানে লোকমান ও জসিমের মধ্যে ঝগড়া হয়। খবর পেয়ে লোকমান ও জসিমের বাবা-ভাইয়েরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে মারামারি শুরু করে। একপর্যায়ে নাসের ও তার বাবা আলী মদন গুলিবিদ্ধ হন। তাদেরকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। নাসেরকে ডাক্তার মৃত ঘোষণা করেন। বাবা চিকিৎসাধীন আছেন।'
স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত নাসের বোয়ালখালী থানার সাতটি মামলার আসামি বলে জানান ওসি আব্দুল করিম। প্রতিবেশীদের মধ্যে আধিপত্যের পুরোনো দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।