করোনায় মারা গেছেন সাবেক সংসদ সদস্য হাজী মকবুল, প্রাণ গেল আরেক পুলিশের
https://parstoday.ir/bn/news/bangladesh-i80158-করোনায়_মারা_গেছেন_সাবেক_সংসদ_সদস্য_হাজী_মকবুল_প্রাণ_গেল_আরেক_পুলিশের
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ হাজী মকবুল হোসেন। রোববার রাত ৯টার কিছু পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ২৫, ২০২০ ০৩:১১ Asia/Dhaka
  • হাজী মকবুল হোসেন
    হাজী মকবুল হোসেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ হাজী মকবুল হোসেন। রোববার রাত ৯টার কিছু পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, একজন জনবান্ধব নেতা হিসেবে তিনি দল ও জনগণের জন্য কাজ করে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শেখ হাসিনা।

হাজী মকবুল হোসেনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও।

এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

হাজী মকবুল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মকবুল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ধানমন্ডি-মোহাম্মদপুর আসন থেকে নির্বাচিত হন। ওই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল।

হাজী মকবুলের পরিবারিক সূত্রে জানা গেছে, করোনা মহামারির মধ্যে মকবুল হোসেন ঢাকা, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় সহায়তা মানুষের মধ্যে নিয়মিত ত্রাণ বিতরণ করছিলেন সাবেক এই সাংসদ। গত ১৪ মে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাজী মকবুলের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কনস্টেবল নেকবার হোসেন

আরেক পুলিশ সদস্যদের মৃত্যু

করোনাভাইরাস প্রতিরোধে মাঠ পর্যায়ের সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার মারা যাওয়া কনস্টেবল নেকবার হোসেন (৪২) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানায় কর্মরত ছিলেন। এদিন, সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

রোববার কনস্টেবল নেকবার হোসেনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ফলাফল পাওয়া যায় অর্থাৎ তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন।

করোনা মন্তব্য নিয়ে বিপাকে নোবেল

সারেগামাপা-২০১৯’ এর দ্বিতীয় রানার্সআপ মাঈনুল আহসান নোবেল সম্প্রতি ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে সমালোচনায় ও বিতর্কেও জড়িয়ে পড়েন।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) –এর পর্যবেক্ষণে আসেন নোবেল। এরপর তাকে র‍্যাব ২ কার্যালয়ে ডেকে নিয়ে জানতে চাওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কর্মকাণ্ডের কারণ সম্পর্কে। নোবেল জানিয়েছেন তার মার্কেটিং পলিসির অংশ ছিল এসব করেছেন। নিজের অভিমত ফেসবুকেও জানিয়ে দিয়েছেন। যদিও ভক্তরা তাদের মন্তব্যে গায়ক নোবেলের এই পলিসিকে প্রত্যাখ্যান করেছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।