ঢাকার ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ করোনা রোগীর মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i80230-ঢাকার_ইউনাইটেড_হাসপাতালে_অগ্নিকাণ্ডে_৫_করোনা_রোগীর_মৃত্যু
বাংলাদেশের রাজধানীর গুলশান এলাকার ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে আগুন লেগে এক নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই করোনা রোগী হিসেবে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ২৭, ২০২০ ১৯:১২ Asia/Dhaka
  • ঢাকার ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ করোনা রোগীর মৃত্যু

বাংলাদেশের রাজধানীর গুলশান এলাকার ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে আগুন লেগে এক নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই করোনা রোগী হিসেবে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, আজ (বুধবার) রাত পৌনে ১০টার পরে হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের সূচনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সেখান থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হচ্ছেন- মো. মাহবুব (৫০), মো. মনির হোসেন (৭৫), ভারনন এ্যান্থনী পল (৭৪), খাদেজা বেগম (৭০) এবং রিয়াজ উল আলম (৪৫)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন জানান, ধারণা করা হচ্ছে জরুরি বিভাগের এসি বিস্ফোরণ হলে সেখানে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।

ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশনস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান শাগুফা আনোয়ার বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। করোনা সন্দেহভাজন রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালের বহিরাঙ্গণে আইসোলেশন ইউনিট তৈরি করা হয়েছিল। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’ আগামীকাল হাসপাতালের পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলেও তিনি জানান।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।