স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজ আদায়, দোয়ায় করোনা থেকে মুক্তির আকুতি
ঈদুল ফিতরের পর অনুষ্ঠিত আজ প্রথম জুম’আর নামাজে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারাদেশের মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে স্বতঃস্ফূর্তভাবে মুসল্লিরা অংশ নেন। রাজধানীর মসজিদগুলোতে আগত মুসল্লিরা মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেন।
প্রত্যেক মসজিদের প্রবেশ পথে জীবাণুনাশক ব্যবস্থা রাখা হয়। রাজধানীর অনেক মসজিদের ভেতরে জায়গা সঙ্কুলান না হওয়ায় রাস্তার ওপর মুসল্লিরা জুম’আর নামাজ আদায় করেন।
এ উপলক্ষে বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুফতি মিজানুর রহমান খুৎবা পূর্ব বয়ানে দেশ ও মানুষের কল্যাণ কামনায় আরো বেশি সচেতন ও দায়িত্বশীল হবার আহবান জানান। তিনি বলেন, রমজানের মূল শিক্ষা তাকওয়া অর্জনের পথেই সামনের দিনগুলোতে জীবন পরিচালিত করতে হবে। মুত্তাক্বী বান্দাদের গুণাবলী অনুসরণ করেই বাকি দিনগুলোতে চলতে হবে। বর্তমান প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীতে বিপদগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা মুত্তাক্বী বান্দাদের অন্যতম একটি গুণ। সকল প্রকার গুনাহ-পাপাচার পরিহার করে দ্বীনের ওপর পরিপূর্ণ আস্থা রেখেই জীবন গড়তে হবে।

চকবাজার ইসলামবাগ বড় জামে মসজিদের খতীব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, নিরাকার অন্ধকারে আশার আলো দেখাতে পারেন একমাত্র আল্লাহ। আর কেউ নয়। মোমিনকে সর্বদাই তার শরণাপন্ন থাকতে হবে। তিনি বলেন, পবিত্র কুরআনে আল্লাহপাক বলেন, আমি আল্লাহর রহমত ও দয়া থেকে কেবলমাত্র কাফেররাই নিরাশ হয়। অতএব মুসলমানদের আল্লাহর রহমত থেকে নিরাশ হবার কোনো সুযোগ নেই। তিনি চলমান মহামারী থেকে রক্ষায় বেশি বেশি তাওবা ইস্তিগফার পড়ার অনুরোধ জানান।

নগরীর মুগদা মানিকনগর ওয়াসা রোড মদিনা মনোয়ারা জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা মুফতি যোবায়ের আহমদ খুৎবা পূর্ব বয়ানে বলেন, অমুসলিমদের সাথে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক ছিন্ন করে কুরআনের পথে ধাবিত হলেই ইনশাআল্লাহ প্রাণঘাতী করোনাভাইরাস নির্মূল হবে। তিনি বলেন, মুসলমানদের বন্ধু একমাত্র দ্বীনদার ধর্মপ্রিয় আল্লাহওয়ালারাই হবে। মোমিন কোনো দিন কাফের মোরশেকদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। যদি কোনো মুসলিম কোনো অমুসলিমদের সাথে আন্তরিক বন্ধত্ব রাখে তা’হলে আল্লাহতায়ালার সাথে তার কোন সর্ম্পক থাকবে না। এ মহামারির বিপদে তিনি বেশি বেশি তাওবাহ-ইস্তিগফার পড়ার ওপর গুরুত্বারোপ করেন।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।