পরিস্থিতি খারাপ হলে কঠিন সিদ্ধান্ত-কাদের, ফখরুল বললেন, মালিকদের স্বার্থে ভাড়া বৃদ্ধি
https://parstoday.ir/bn/news/bangladesh-i80355-পরিস্থিতি_খারাপ_হলে_কঠিন_সিদ্ধান্ত_কাদের_ফখরুল_বললেন_মালিকদের_স্বার্থে_ভাড়া_বৃদ্ধি
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাধারণ ছুটি তুলে নেওয়ার ফলে করোনা পরিস্থিতি খারাপ হলে সরকারকে আবারও কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০১, ২০২০ ১৪:৩৯ Asia/Dhaka

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাধারণ ছুটি তুলে নেওয়ার ফলে করোনা পরিস্থিতি খারাপ হলে সরকারকে আবারও কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।

আজ (সোমবার) সকালে সেতু বিভাগের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে মন্ত্রী বলেন, বাস্তবতার প্রয়োজনে সরকার গণপরিবহনের ভাড়া পুনর্বিন্যাস করেছে। 

এ সময় বিএনপি'র সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়ে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে বিএনপি। এতে ফ্রন্টলাইনার ও করোনা আক্রান্তদের মনোবল ভেঙে যাচ্ছে।

ভাড়া বাড়ানো হয়েছে পরিবহন মালিকদের স্বার্থে: বিএনপি

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণপরিবহনে ভাড়া বাড়ানো হয়েছে পরিবহন মালিকদের স্বার্থে। তাছাড়া, সরকারের পক্ষ থেকে মালিকদের জন্য আর্থিক প্রণোদনা দেয়া হচ্ছে।

আজ (সোমবার ১ জুন) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, করোনা পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ। সাধারণ ছুটির ঘোষণা দিয়ে লকডাউন কঠোরভাবে প্রয়োগ না করাটাই ছিল সরকারের বড় ভুল।

ফখরুল বলেন, ‘‘কাল থেকে দেখছি যে রেলগাড়ি চলছে এবং ট্রেনগুলোতে সেই গাদাগাদি করে মানুষ আসছে। লঞ্চেও একই অবস্থা হয়েছে। বাসে ওঠার জায়গা পাওয়ার জন্য রীতিমতো মারামারি হচ্ছে। বাংলাদেশে এভাবে গণপরিবহনকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যেখানে আপনি অফিস খুলে দিয়েছেন, আর অফিস খুললে তো লোকজন আসবেই।

তিনি বলেন,‘‘এখন সরকারের অবস্থা হচ্ছে যে, তারা কানে তুলে দিয়েছে। 'কানে দিয়েছি তুলো, যা খুশি বলো, আমাদের কিছু যায় আসে না। আমরা তো ক্ষমতায় আছি।”

গণপরিবহন চালু

গণপরিবহন চালু বাংলাদেশে

মহামারি করোনাভাইরাসের কারেণ টানা ২ মাসের বেশি সময় বন্ধ থাকার পর  সড়ক পরিবহন ব্যবস্থা  আজ থেকে পুনরায়  চালু করা হয়েছে। একই সাথে চালু হয়েছে আকাশ পথে দেশের তিনটে আভ্যন্তরীণ রুটে বিমান চলাচল। এর আগে গতকাল থেকেই চালু হয়েছে রেল ও নৌপথে লঞ্চ চলাচল।

আজ সকাল থেকেই মোটামুটি  স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং ৬০ শতাংশ বাড়তি ভাড়া নিয়েই রাজধানীতে চলাচল শুরু করেছে বাস-মিনি বাস । একই সঙ্গে রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাসও। তবে বাড়তি ভাড়া দিতে গিয়ে ক্ষুব্ধ হচ্ছেন যাত্রী সাধারণ।

ভাড়া বৃদ্ধিকে চ্যালেঞ্জ করে আদালতে রিট

এদিকে, গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে আজ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন। একই দিনে প্রজ্ঞাপনটি স্থগিত চেয়ে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আরেকজন আইনজীবী।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির মাঝে আজ থেকে গণপরিবহন  চালু হয়েছে। এ সময় গণপরিবহনে যাত্রী ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির করে গতকাল বিকেলে একটি  প্রজ্ঞাপন জারি করা হয়। আজ ১ জুন থেকে ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম মহানগরসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাড়তি এ ভাড়া কার্যকর করা  হয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/১