করোনায় বাংলাদেশে একদিনে ৪ চিকিৎসকের মৃত্যু, মোট আক্রান্ত ১,১৫৩
https://parstoday.ir/bn/news/bangladesh-i80638-করোনায়_বাংলাদেশে_একদিনে_৪_চিকিৎসকের_মৃত্যু_মোট_আক্রান্ত_১_১৫৩
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি-এফডিএসআর জানিয়েছে, ডা. এ কে এম ফজলুল হক শুক্রবার সন্ধ্যার পর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. আরিফ হাসান।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ১৩, ২০২০ ০৭:২১ Asia/Dhaka
  • ডা. এ কে এম ফজলুল হক ও ডা. আরিফ হাসান
    ডা. এ কে এম ফজলুল হক ও ডা. আরিফ হাসান

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি-এফডিএসআর জানিয়েছে, ডা. এ কে এম ফজলুল হক শুক্রবার সন্ধ্যার পর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. আরিফ হাসান।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি বা এফডিএসআরের যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ডা. এ কে এম ফজলুল হকের শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, ডা. এ কে এম ফজলুল হক একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করেছেন। সেখান থেকে অবসরের পরে তিনি জেড এইচ সিকদার উইমেনস মেডিক্যাল কলেজে যোগ দেন। তিনি ওই হাসপাতালের অপথ্যালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

করোনায় মৃত ডা. আরিফ হাসান সম্পর্কে এফডিএসআরের যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার জানান, “ডা. আরিফ ছয় দিনের জ্বর নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি ছিলেন। শুক্রবার সকালে তাকে চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাত ১০টার দিকে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা যান।"

ডা. গাজী জহির হাসান ও ডা. মাহমুদ মনোয়ার

তাকে নিয়ে শুক্রবার রাজধানীতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে তিনজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার আগে শুক্রবার প্রথম প্রহর পেরিয়ে রাত দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহির হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এরপর সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার।

ডা. রাহাত আনোয়ার জানান, ডা. আরিফ হাসানসহ একদিনে করোনায় চার চিকিৎসকের মৃত্যু হয়েছে। সারাদেশে করোনায় ইতোমধ্যে মারা গেছেন ৩০ জন চিকিৎসক। এ ছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন চিকিৎসক। গতকাল রাত পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৩ জন চিকিৎসক।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।