করোনার সময়েও অবিশ্বাস্য গতিতে চলছে সরকারের দুর্নীতির এক্সপ্রেস: রিজভী
-
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বাংলাদেশের বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, বর্তমান সরকারের আমলে দুর্নীতি সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। করোনার সময়েও অবিশ্বাস্য গতিতে চলছে দুর্নীতির এক্সপ্রেস।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ শনিবার (২০ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।
এ সময় রিজভী বলেন, ‘স্বাস্থ্য অধিদফতর-মন্ত্রণালয়ের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। করোনা চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের সুরক্ষায় কেনা আসল এন-৯৫ মাস্ক সরবরাহ না করে নকল সরবরাহ করা হয়েছে। সরবরাহকারী ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নি। শাস্তির বদলে অদৃশ্য কারণে দুর্নীতিবাজরা রেহাই পেয়ে যাচ্ছে। এতে বোঝা যায়, দুর্নীতিবাজরা রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী। জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সরকার-সমর্থক কত কালোবিড়াল বসে আছে।’ সেটাও জনগণ টের পেয়ে গেছে।
রিজভী আরো বলেন, ‘দুর্নীতির দ্রুত গতির ট্রেন থামানোর বদলে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নানাভাবে একে প্রশ্রয় দেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘পরিস্থিতি সামাল না দিতে পেরে ক্ষমতাসীনরা অন্যের ওপর দোষারোপ করে নিজেদের অজ্ঞতা-অযোগ্যতাকে আড়াল করার চেষ্টা করছেন। জনগণ ক্ষমতাসীনদের অজ্ঞতা-অযোগ্যতার বলি হতে পারে না। প্রতিদিনই যেখানে ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে জনজীবন আচ্ছন্ন হয়ে আছে, সেখানে মানুষ বাকোয়াজ শুনতে চায় না।’
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সমালোচনা করে রিজভি বলেন, চিকিৎসক হিসেবে অভয়বাণী না দিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জনগণকে করোনা নিয়ে আরও ভয়ংকর ভীতির মধ্যে ঠেলে দিচ্ছেন।
রিজভী বলেন, অসুস্থ মানুষের এখন করোনা টেস্টের জন্য রাত কাটে রাস্তায়। প্রতিদিনই করোনার নমুনা সংগ্রহ পরীক্ষার অপ্রতুলতা ধরা পড়ছে। করোনার নমুনা পরীক্ষায় ভুল ফলাফল আসছে। টেস্ট করাতে গিয়ে অনেক সুস্থ লোকও আক্রান্ত হয়ে যাচ্ছেন! সেদিকে ডিজি সাহেবের ভ্রুক্ষেপ নেই। অন্য কোনো দেশ হলে এরকম অবস্থায় স্বাস্থ্য ডিজি পদত্যাগ করতেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।