করোনা টেস্ট করতে এবং রিপোর্ট পেতে মানুষ হয়রানির শিকার হচ্ছে: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i80836-করোনা_টেস্ট_করতে_এবং_রিপোর্ট_পেতে_মানুষ_হয়রানির_শিকার_হচ্ছে_ওবায়দুল_কাদের
বাংলাদেশের ক্ষমতাসীন দল অওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনায় অনেক রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা প্রাণ হারিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের নেতা–কর্মীরা বেশি মৃত্যুবরণ করেছেন। দেশ ও জাতির এই কঠিন সময়ে আওয়ামী লীগই ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ২১, ২০২০ ১২:১০ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশের ক্ষমতাসীন দল অওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনায় অনেক রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা প্রাণ হারিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের নেতা–কর্মীরা বেশি মৃত্যুবরণ করেছেন। দেশ ও জাতির এই কঠিন সময়ে আওয়ামী লীগই ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছে।

আজ (রোববার) সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এমন স্বীকারোক্তি দেন। এর আগে ‘আমরা করোনার চেয়েও শক্তিশালী’ এমন বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, দেশের যেকোনো সংকটে মাটি ও মানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাহসী সৈনিক, মুজিব আদর্শের যোদ্ধারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঝাঁপিয়ে পড়ে। আর্ত-মানবতার সেবায় এবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আওয়ামী লীগ।

তিনি বলেছেন, করোনা টেস্ট করতে এবং রিপোর্ট পেতে মানুষ হয়রানির শিকার হচ্ছে। আবার কেউ কেউ দীর্ঘ অপেক্ষায় পড়ছে। এরকম অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের সমন্বয় বৃদ্ধির মাধ্যমে নমুনা গ্রহণ ও স্বল্প সময়ে রিপোর্ট প্রদানের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, প্রযুক্তির সহায়তা নিয়ে করোনা  সেবা আরও সহজতর করা এখন সময়ের দাবি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কিছু বেসরকারি হাসপাতাল কোভিড রোগীদের সেবায় প্রশংসনীয় কাজ করলেও অনেক হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। অন্যান্য রোগের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না বলেও খবর আছে।

এ কঠিন সময়ে ব্যবসার চেয়ে মানবিকতাকে ঊর্ধ্বে স্থান দিতে হাসপাতালের মালিক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, অক্সিজেন সিলিন্ডার মজুত করে রেখে দেওয়ার ফলে মৃত্যুপথযাত্রী রোগী অক্সিজেন থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে অনুমাননির্ভর ওষুধ মজুত না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটি অপ্রয়োজনীয় এবং হিতে বিপরীত হতে পারে। তিনি আরও বলেন, চিকিৎসকদের পরামর্শ ছাড়া অক্সিজেন ব্যবহার ভয়ংকর হতে পারে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।